২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিজির টানে টেলিটকে গ্রাহক বেড়েছে ৪ গুণ

থ্রিজি চালুর আড়াই বছরে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা বেড়ে চারগুণে দাঁড়িয়েছে।

শামীম আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 07:19 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

উল্লেখযোগ্য বিনিয়োগ না থাকলেও ভাল মানের ডাটা এবং গতি নিশ্চিত করাতে এই অগ্রগতি হয়েছে বলে মনে করছে অপারেটরটি।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১২ সালের ১৪ অক্টোবর টেলিটকের থ্রিজির পরীক্ষামূলক সেবা উদ্বোধনের সময় এই অপারেটরের গ্রাহকসংখ্যা ছিল ১৪ লাখের কাছাকাছি, যা চলতি বছরের এপ্রিলের শেষনাগাদ প্রায় ৫৪ লাখে দাঁড়িয়েছে।

“চলতি বছরের চার মাসেই টেলিটকের গ্রাহকসংখ্যা বেড়েছে ৫ লাখ ৫০ হাজার।”

প্রায় এক বছর আগে বেসরকারি অপারেটরদের কাছ থেকে থ্রিজি সেবা দেওয়ার সুযোগ পেয়েছিল রাষ্ট্রায়ত্ত টেলিটক ।

গ্রাহকসংখ্যা বৃদ্ধির এ গতিকে ইতিবাচক উল্লেখ করে গিয়াসউদ্দিন বলেন, “টেলিটকের গ্রাহকরা বুঝতে পারছেন এর থ্রিজি কোয়ালিটি ভাল। আগামীতে এ সংখ্যা আরও বাড়বে বলে মনে করি।

“সরকারের এই অবকাঠামো দিয়ে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে চাই। টেলিটকের লাভের প্রয়োজন নেই, গ্রাহকদের কোয়ালিটি সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।”

বর্তমানে দেশের প্রায় সব বড় বড় শহরে টেলিটকের থ্রিজি সেবা পৌঁছে গেছে জানিয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে দেশের প্রতিটি জেলায় মানসম্মত থ্রিজি সেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে যাচ্ছি। এ কাজ শেষ হলে গ্রাহকসংখ্যা আরো বৃদ্ধি পারে বলে আশা করি।”

দেশের বেসরকারি অপারেটরদের তুলনায় রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ কম উল্লেখ করে তিনি বলেন, “আমাদের বিনিয়োগ মাত্র তিন হাজার কোটি টাকা। এই বিনিয়োগ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। টেলিটকের এই অগ্রগতিতে প্রভাবকের ভূমিকা রেখেছে থ্রিজি সেবা, যা আগামীতে আরো বৃদ্ধি পাবে।”

গিয়াসউদ্দিন দাবি করেন, রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি থাকার কারণেই দেশে কলরেট কমছে। টেলিটক সবচেয়ে কম দামে মানসম্মত থ্রিজি সেবা দেওয়ায় মোবাইল ডাটা খরচ প্রতিযোগিতায় দৌড় কমে আসবে।

“বর্তমানে এক মাসের জন্য ১ জিবি থ্রিজি ইন্টারনেট সব মিলে ১১৫ টাকায় এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার দিচ্ছে টেলিটক।”

টেলিটকের ডেপুটি ম্যানেজার (বিপণন) আব্দুল মোহাইমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থ্রিজি সেবায় আমরা রেভ্যুলেশন করেছি, সবচেয়ে বেশী গতি ও কম দামে আমরা সেবা দিচ্ছি।

“টেলিটকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং আগামীতে গ্রাহকদের জন্য আরো আকর্ষণীয় অফার নিয়ে আসবে এই অপারেটর।”

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে, টেলিটকসহ বাংলাদেশে মোট ৬টি মোবাইল অপারেটরের গ্রাহকসংখ্যা গত মার্চ মাস নাগাদ ১২ কোটিতে ৩৬ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে।

অপর দিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মার্চ মাস নাগাদ ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী চার কোটি ৩১ লাখ ৬৭ হাজার।