মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের প্রভিশনে ছাড়
পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয়মূল্য (সিপি) যদি তার বাজার মূল্যের (এমভি) কম বা সমান হয় অথবা চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের (এনএভি) ৮৫ শতাংশের কম বা সমান হয় তাহলে এই দুই ক্ষেত্রে ধারণকৃত মিউচ্যুয়াল ফান্ডের বিপরীতে প্রভিশন সংরক্ষণের প্রয়োজন নেই।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
‘মিউচ্যুয়াল ফান্ডের মূল্য হ্রাসজনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণ’ বিষয়ক সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধারণকৃত মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মূল্য হ্রাসজনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ক্রয় মূল্য (সিপি) যদি তার বাজার মূল্যের (এমভি) কম বা সমান হয় অথবা চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের (এনএভি) ৮৫ শতাংশের কম বা সমান হয় তাহলে- আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধারণকৃত মিউচ্যুয়াল ফান্ডের বিপরীতে কোন প্রভিশন রাখতে হবে না।
ইউনিটের গড় ক্রয় মূল্য (সিপি) যদি বাজার মূল্য (এমভি) অথবা চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের (এনএভি) ৮৫ শতাংশের বেশি হয় তাহলে ক্রয় মূল্য থেকে বাজর মূল্য বাদ দিলে (বিয়োগ করলে) যেটা থাকে সেটা (প্রভিশন) সংরক্ষণ করতে হবে।
আর ইউনিটের বাজার মূল্য যদি চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের ৮৫ শতাংশের কম হয় তাহলে গড় ক্রয় মূল্য থেকে নিট সম্পদ মূল্য বাদ দিয়ে যেটা থাকে সেটা সংরক্ষণ করতে হবে।
বেমেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে গড় ক্রয় মূল্য (সিপি) যদি চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের (এনএভি) ৮৫ শতাংশের কম হয় তাহলে কোনো প্রভিশন রাখতে হবে না।
যদি গড় ক্রয় মূল্য চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের (এনএভি) ৮৫ শতাংশের বেশি হয় তাহলে ক্রয় মূল্য থেকে এনএভি বাদ দিয়ে প্রভিশন সংরক্ষণ করতে হবে।
গত কয়েক দিনে পুঁজিবাজার কিছুটা চাঙ্গা হওয়ার পরও অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে।
