পুঁজিবাজারে তেজিভাব অব্যাহত
বেশ কিছু দিন দরপতনের পর সোমবার টানা পঞ্চম দিনের মতো সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
এর মানে মানুষ পুঁজিবাজারে ফিরছে, বলেছেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী।
টানা মন্দার ধারা ভেঙে রোববার হঠাৎ উল্লম্ফন ঘটেছে দেশের পুঁজিবাজারে; ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স এক দিনেই বাড়ে ৩ দশমিক ৭ শতাংশ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২৩৮ পয়েন্ট।
ডিএসইতে এদিন ৫৯৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি ৯০ লাখ টাকা বেশি। সিএসইতে হাতবদল হয়েছে ৫১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি।
শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানুষ মনে করেছিল, নির্বাচনের পরে দেশে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হবে, হরতাল হবে। সেগুলো কিছুই হয়নি। পরিস্থিতি অস্থিতিশীল না হওয়ায় মানুষ পুঁজিবাজারের ফিরে আসছে।”
সরকার সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে আনায় পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলেও মনে করেন তিনি।
শাকিল বলেন, “এছাড়া বাংলাদেশ ব্যাংকের নীতি নিয়ে সবার পুঁজিবাজার ঘিরে একটি সমস্যা ছিল, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই নমনীয় হচ্ছিল না। কিছুদিন আগে বাণিজ্যমন্ত্রী তোফোয়েল আহমেদ বাংলাদেশ ব্যাংককে পুঁজিবাজারের দিকে চোখ দিতে বলেছেন। এর ফলে মানুষ বুঝেছে, বাংলাদেশ ব্যাংককে বলার মতো কেউ আছে।”
পাশাপাশি পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার যে কথা প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তাও সূচক বাড়ার কারণ হতে পারে বলে মনে করেন ডিএসইর সাবেক এই সভাপতি।
তবে সেই সঙ্গে তার সতর্কবার্তা, “মনে রাখতে হবে খারাপ খবরে বাজার আবার কমতেও বেশি সময় লাগে না।”
পুঁজিবাজারের গতি-প্রকৃতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম বলেন, “নতুন আইপিওগুলোই বাজারের ভবিষ্যত নির্ধারণ করবে।”
ডিএসইতে সোমবার মোট ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৮৭টির। ১৯টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।
দিনশেষে ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, ওয়েষ্টার্ন মেরিন, এমজেএল বিডি, বেক্সিমকো লি, কেপিসিএল, শাহাজীবাজার পাওয়ার, এসিআই ফর্মুলেশন, আরএকে সিরামিকস ও অগ্নি সিস্টেম।
সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২১ পয়েন্ট হয়েছে। লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
