২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী শ্রমিকের পুষ্টি নিশ্চিতে বছর মেয়াদি কর্মসূচি

গামের্ন্টস কারখানায় কর্মরত নারী এবং তাদের নবজাতকদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে এক বছর মেয়াদি একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 07:32 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইমিনেন্সে’র সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই করেছে সংগঠনটি।

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) রিয়াজ বিন মাহমুদ, এমিনেন্সের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান সচিব এম এম রেযা, এমিনেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হায়দার তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়।

চুক্তি সইয়ের আগে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এই কর্মসূচির আওতায় ঢাকার ২৪টি পোশাক কারখানায় কর্মরত প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি রক্ষায় বিভিন্ন তথ্য ও ধারণা দেওয়া এবং তা মেনে চলার ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নবজাতকদের বুকের দুধ খাওয়ানো ও পুষ্টি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

ঢাকার মিরপুর, মোহাম্মাদপুর, সাভার এবং গাজীপুরের ছয়টি করে কারখানায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়, পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত তথ্য পরবর্তীতে নারী শ্রমিকদের স্বাস্থ্যগত বিষয় উন্নয়নে কাজে লাগানো হবে। এছাড়া প্রকল্প সফল হলে দেশের সব পোশাক কারখানায় বড় আকারে একই কর্মসূচি নেওয়া হতে পারে বলে আশা করছেন তারা ।

রিয়াজ বিন মাহমুদ বলেন, “পোশাক কারখানায় কর্মরতদের মধ্যে ৮০ ভাগের ওপরে নারী শ্রমিক। এই দক্ষ কর্মীরা সন্তান জন্ম দেওয়ার পর সুস্থ অবস্থায় কারখানায় ফেরত আসবে সেটাই আমরা চাই। এতে কারখানা উপকৃত হবে, পুরো পোশাক খাতের উৎপাদনশীলতা বাড়বে।”

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, “মায়েরা কর্মক্ষেত্রে এসে যদি নজবাতক সন্তানের বুকের দুধ খাওয়ানো ও তার স্বাস্থ্যগত নানা বিষয়ে সমস্যার সম্মুখীন না হন, তবে মালিকরা দক্ষ কর্মী হারাবেন না। এটি এই শিল্পকে এগিয়ে যেতে বিশাল সহায়তা করবে।”