ব্যবসা ও করদাতাবান্ধব বাজেট হবে: এনবিআর চেয়ারম্যান
সরকার ব্যবসা ও জনবান্ধব বাজেট উপহার দিতে চায় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসময় অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের সচিব নজিবুর কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে আয়কর নিরীক্ষা কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রাকবাজেট এ আলোচনায় সংস্থার সভাপতি মাহবুবুল আলম সভার শুরুতে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা বৃদ্ধি, চট্টগ্রামের অবকাঠামো খাতে বিশেষ বরাদ্দসহ ১৪৩ দফা প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, বছরের প্রথম তিনমাসে রাজনৈতিক সহিংসতার কারণে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংক ঋণের সুদের হার, কাঁচামাল ও পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় ব্যবসায়ীদের নাজকু অবস্থায় পড়েছে।
আগামী অথর্বছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে দেয়া প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল- ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা দুই লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ, করদাতাদের উৎসাহিত করতে মূল্য সংযোজন করের বতর্মান হার ১৫ থেকে কমিয়ে সাড়ে সাত শতাংশ নির্ধারণ, দেশে উৎপাদিত পণ্য আমদানির ক্ষেত্রে বিএসটিআই প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা ও ইস্পাত শিল্পের কাঁচামাল বিলেট আমদানির ক্ষেত্রে কর না বাড়ানো।
চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করা হয়।
সভায় অন্যান্য ব্যবসায়ীরা চোরাচালান বন্ধে মসলা জাতীয় পণ্যের সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্কহার প্রত্যাহার, সব শুল্ক স্টেশনে একই পণ্যের শুল্কায়িত মূল্য একই রকম নির্ধারণ করা, আয়কর নিরীক্ষার নামে হয়রানি বন্ধ করার দাবি জানান এনবিআর কর্মকর্তাদের কাছে।
সরকার অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের মধ্যে আছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে শুধু শোনা নয়, তা কাজে রূপান্তরের চেষ্টা করব।
“ব্যবসা ও করদাতাবান্ধব বাজেট করা হবে।”
সভায় এনবিআর সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন, বিভিন্ন সংগঠন থেকে বাজেটের জন্য এক হাজারের মতো প্রস্তাব পেয়েছি। এসব পর্যালোচনা করা হচ্ছে।
বাজেট প্রণয়নের অনেক আগে ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আলোচনায় বসলে ভালো হয় বলে মনে করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান চট্টগ্রাম চেম্বারের এ সভা ছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পৃথক প্রাকবাজেট আলোচনায় অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন এনবিআর (সদস্য) এনায়েত হোসেন ও পারভেজ ইকবাল, ইস্টডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সিকান্দার খান, বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আক্তার হোসেন, শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের আমজাদ হোসেন চৌধুরী, ছালামত আলী ও মাহবুবুর রহমান।
