উত্তরাঞ্চলের দুগ্ধখামারিদের পাশে প্রাণ ডেইরি
উত্তরাঞ্চলের আট জেলার চরাঞ্চলের খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে প্রাণ ডেইরি।
উৎপাদিত দুধ কেনার পাশাপাশি এসব খামারে গো-খাদ্য সরবরাহ ও গাভীর চিকিৎসা সামগ্রী সরবরাহেরও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সম্প্রতি উত্তরাঞ্চলের খামারিদের তত্ত্বাবধায়ক সংস্থা চর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি) সঙ্গে প্রাণ ডেইরি এনিয়ে চুক্তিবদ্ধ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিএলপি যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ইউকে এইড এবং অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র সম্পর্ক এবং বাণিজ্য বিভাগের অর্থায়নে যৌথভাবে পরিচালিত হয়। এই প্রকল্পে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়েরও পৃষ্ঠপোষকতা রয়েছে।
প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান জানান, এখন থেকে প্রাণ ডেইরি সিএলপির আওতাধীন ১২০টি ইউনিট থেকে দুধ সংগ্রহ করবে। এছাড়া প্রাণ ডেইরির পক্ষ থেকে চিকৎসা, গো-খাদ্য সরবরাহ, বিভিন্ন ভ্যাক্সিন এবং গরু-বাছুর কৃমিমুক্ত রাখার ওষুধ সরবরাহ করবে।
সিএলপির টিম লিডার ম্যাথিউ প্রিচার্ড জানান, রংপুর, নিলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পাবনা, টাঙ্গাইল ও জামালপুর জেলার ৪৬টি চর এলাকার দুগ্ধ খামারিদের জন্য ১২০টি দুগ্ধ বেচা-কেনার বাজার সৃষ্টি করেন তারা, যেখানে তিন হাজারের অধিক খামারি দুধ কেনা-বেচা করেন। প্রাণ ডেইরির সঙ্গে চুক্তির ফলে খামারিরা উপকৃত হবেন।
