রানা প্লাজা ধস: ‘এক বছরে দেড় লাখ শ্রমিক বেকার’
দেশের তৈরি পোশাক শিল্পের উপর রানা প্লাজা ধসের নেতিবাচক প্রভাবে গত একবছরে দুই শতাধিক কারখানা বন্ধ হয়েছে, যাতে দেড় লাখের বেশি শ্রমিক কর্মচ্যুত হয়েছে।
পোশাক খাত নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সংস্থাটি বলছে, রানা প্লাজার দুর্ঘটনা পরবর্তী তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নের চাপ, মজুরি বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতায় ছোট কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। এতে পোশাক শিল্পের এক পঞ্চমাংশ শ্রমিক চাকরিচ্যুতি ও সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকির মুখে রয়েছে।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে নিজস্ব কার্যালয়ে ‘তৈরি পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপ: গত এক বছরে অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত তৈরি পোশাক খাতের উন্নয়নে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয় প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতা, দায়িত্বে অবহেলা, রাজনৈতিক প্রভাব ও পারস্পারিক যোগসাজশের কারণে তৈরি পোশাক শিল্পে অনিয়ম ও দুর্নীতি হয়।
গবেষণায় দেখা যায়, ৯৫ ভাগ কারখানায় ন্যূনতম মজুরি দেওয়া হলেও সময়মতো বেতন দেওয়া হচ্ছে না। বিশেষ করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের নিয়ম না মানার অভিযোগ রয়েছে।
রানা প্লাজা দুর্ঘটনার পরে ১৪২টি ট্রেড ইউনিয়ন নিবন্ধনের তথ্য তুলে ধরে সংস্থাটি বলছে, এসব বিজিএমইএর ‘পকেট ট্রেড ইউনিয়ন’ বা ‘ইয়োলো’ ট্রেড ইউনিয়ন। আবার অনিবন্ধিত ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হচ্ছে।
ফায়ার সার্ভিসে পরিদর্শকের সংখ্যা বাড়লেও কারখানা পরিদর্শনের হার বাড়েনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত একবছরে নিয়োগ পাওয়া ২১৮ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরসহ বর্তমানে ২৬৮ জন ইন্সপেক্টর রয়েছে।
তবে কলকারখানা পরিদপ্তরে পরিদর্শক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কাজের গতি বাড়বে বলে আশা করছে টিআইবি।
২৩৫ জন নতুন পরিদর্শক আশায় আগে যেখানে একজন পরিদর্শক ৭৭২টি কারখানা পরিদর্শন করতেন এখন সেখানে মাত্র ৭২টি কারখানা পরিদর্শন করতে হবে।
অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সুপারিশে ৩২টি কারখানা চূড়ান্তভাবে এবং ২১টি কারখানা সাময়িকভাবে বন্ধ করা হলেও এসব কারখানার ১৭ হাজার ৩০ জন শ্রমিকের বিকল্প কর্মসংস্থান করা হয়নি।
অনেক কারখানায় বিনা মজুরিতে একঘণ্টা অতিরিক্ত কাজ করানো হচ্ছে। অতিরিক্ত কাজের সময়সীমা পরিবর্তনের ক্ষেত্রে বিজিএমইএ প্রভাব বিস্তার করছে।
কমপ্লায়েন্স কারখানায় স্বাস্থ্যকেন্দ্র স্থাপন ও কল্যাণ কর্মকর্তা নিয়োগ করার কথা থাকলেও তা ঠিকভাবে হচ্ছে না। শ্রমিকদের তথ্যভান্ডার করার কাজ শুরু হয়নি।
তবে নীতিনির্ধারণী পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অজুহাতে সরকারের কাছ থেকে বিজিএমইএ কর্তৃক অতিরিক্ত সুবিধা আদায় অব্যাহত রয়েছে।
টিআইবি বলছে, রানা প্লাজার ঘটনার পরে কোনো কোনো বায়ার কমপ্লায়েন্সের জন্য অতিরিক্ত বিষয় যোগ করছে। কারখানা জরিপ করার পর সংস্কার কার্যক্রমে ক্রেতা ও কারখানা মালিক উভয়ের অংশগ্রহণ থাকার কথা থাকলেও ক্রেতারা থাকছে না।
শ্রম অধিকার ও কর্মপরিবেশ উন্নয়নে উৎপাদন খরচ বাড়ার অজুহাতে বাংলাদেশ থেকে ৩০ শতাংশ অর্ডার অন্য দেশে চলে গেছে।
রানা প্লাজা ডোনার ট্রাস্ট ফান্ড নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি বলছে, ক্রেতা ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো এ পর্যন্ত এক কোটি ৯০ লাখ মার্কিন ডলার দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিপূরণ কাদের দেওয়া হয়েছে তার কোনো তালিকা প্রকাশ করা হয়নি। ক্ষতির পরিমাণ নির্ধারণ ও বণ্টনে স্বচ্ছতার অভাব রয়েছে। বণ্টনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা রয়েছে। ট্রাস্ট ফান্ড পরিচালনা ব্যয়ের বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ট্রাস্ট ফান্ডে যেহেতু আইএলও জড়িত। তাদের কাছে এটা প্রত্যাশিত যে কারা কত অর্থ দিয়েছে, সব অর্থ ক্ষতিপূরণ বাবদ ব্যয় হবে না কিছু অর্থ ফান্ড পরিচালনায় ব্যয় হবে- এসব বিষয় পরিস্কার করা।
“আমরা মনে করি এই তহবিল যখন মারাত্মক ক্ষতিগ্রস্তদের জন্য, তখন এটা পরিচালনা নিজস্ব ব্যবস্থাপনায় হওয়া উচিত।”
এদিকে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে সংগৃহিত অর্থের পরিমাণ প্রায় ১২৭ কোটি টাকা। এর মধ্যে মাত্র ১৯ কোটি টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে, বাকী ১০৮ কোটি টাকা এখনও অব্যবহৃত রয়েছে।
এ বিষয়ে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, “এই অর্থ পুরোটাই এসেছে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য। আমরা মনে করি এই অর্থ পুরোটাই তাদের মধ্যে বণ্টন করা উচিত।”
রানা প্লাজার মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে সুলতানা কামাল বলেন, “যারা দোষ করছে, অপরাধ করছে তারা জবাবদিহিতার মধ্যে আসছে না। মালিকপক্ষ ও সরকারের মধ্যে আলাপ-আলোচনার মধ্যে কোথাও সমঝোতা হচ্ছে। এই কারণে শ্রমিকদের স্বার্থে নেওয়া সব উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না।”
এই অনুষ্ঠানে টিআইবির উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের ও পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
