পুঁজিবাজারে পাঁচ দিন পর সূচকে উন্নতি
টানা পাঁচ কার্যদিবস পতনের পর কিছুটা ঘুরে দঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার।
আগের কয়েক দিনের মতোই বুধবার সকালে সূচক পতনের মধ্য দিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। পড়তে থাকে বেশিরভাগ শেয়ারের দর। তবে সোয়া ১২টার পর থেকে দুই বাজারই কিছুটা ঘুরে দাঁড়ায়।
দিন শেষে সার্বিক সূচকের ঘরে ২ পয়েন্ট যোগ করেই লেনদেন শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বাড়ে ৪৪ পয়েন্ট।
গত সপ্তাহের বুধবার থেকে পুঁজিবাজারে পতন শুরু হয়। মঙ্গলবারও সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়।
বুধবার সারা দিনে ডিএসইতে ৩৭১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৫ কোটি ৬৩ লাখ টাকা বা ১৪ শতাংশ বেশি। মঙ্গলবার এ বাজারে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
লেনদেনে অংশ নেওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৪৮টির; অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।
দিন শেষে ডিএসইর সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৭ পয়েন্ট হয়েছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এসিআই লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড টুরিজম, ইফাদ অটোস, ফার্মা এইড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, শাশা ডেনিমস, গ্রামীণফোন লিমিটেড, এসিআই ফরমুলেশনস ও স্কয়ার ফার্মা।
সিএসইর প্রধান সূচক সিএএসপিআই এদিন ৪৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬০ পয়েন্ট হয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ৩০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।
লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
