দুই বাজারেই কমেছে লেনদেন ও সূচক
নিম্নমুখী সূচক নিয়েই সপ্তাহ শেষ করেছে দেশের দুই পুঁজিবাজার, সেইসঙ্গে কমেছে লেনদেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট কমেছে।
আগের দিন বুধবারও দুই বাজারে সূচক ও লেনদেনে নিম্নগতি ছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ২৭৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৮৫ কোটি ৪ লাখ টাকা কম।
ডিএসইতে এদিন মোট ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২০৫টির। ৩৭টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।
দিনশেষে ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, কেপিসিএল, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, ফার্মা এইড, এসিআই ফরমুলেশন ও শাশা ডেনিমস।
বৃহস্পতিবার সিএসইতে ১৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৬৭৮ পয়েন্ট।
লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।
