শ্রমিকদের অভিযোগ শুনতে ‘হেল্পলাইন’
আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের অভিযোগ শুনে তার সমাধানে ‘হেল্প লাইন’ চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (আইএলও) কারিগরি সহায়তায় রোববার সচিবালয়ে এই হেল্প লাইনের উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
যে কোনো মোবাইল থেকে ০৮০০৪৪৫৫০০০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন শ্রমিকরা। এজন্য তার কোনো খরচ হবে না। সরকার ১৫ দিনের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ জানান, আশুলিয়া এলাকার শ্রমিকদের জন্য ছয় মাসের পাইলট কর্মসূচি হিসাবে এই ‘হেল্প লাইন’ চালু করা হয়েছে।
এই কর্মসূচির অভিজ্ঞাতার আলোকে পরে সারাদেশে এর কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন।
সৈয়দ আহমেদ জানান, প্রাথমিকভাবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সারা বছর এই হেল্প লাইনে অভিযোগ জানানো যাবে। চারজন প্রশিক্ষিত এজেন্ট ও একজন সুপারভাইজারের সমন্বয়ে দুটি দল হেল্পলাইনে দায়িত্ব পালন করবেন।
“শ্রমিকদের অভিযোগ হেল্প সেন্টার থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে পাঠানো হবে। অধিদপ্তর অভিযোগ পরীক্ষা করে সংশ্লিষ্ট এলাকার পরিদর্শকদের অবহিত করবেন।”
পরিদর্শকরা অভিযোগ পাওয়ার সাত দিনের মধ্যে তা তদন্ত করে নিষ্পত্তির উদ্যোগ নেবেন এবং এ বিষয়ে ১৫ দিনের মধ্যে হেল্পলাইন কেন্দ্রকে অবহিতে করবেন।
আর অভিযোগটি কলকারখানা বা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যক্রমের আওতায় না পড়লে তা শ্রম পরিদপ্তরে পাঠানো হবে। শ্রম পরিদপ্তর অভিযোগ তদন্ত করে ১৫ দিনের মধ্যে হেল্প সেন্টারে প্রতিবেদন দেবে।
শ্রম প্রতিমন্ত্রী হেল্প সেন্টারে ফোন করে এই হেল্প লাইনের উদ্বোধন করেন। আন্তরিকতার সঙ্গে শ্রমিকদের অভিযোগ শুনে তা সমাধানে তড়িৎ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মালিক-শ্রমিক সংগঠন ও আইএলও প্রতিনিধি ছাড়াও শ্রম সচিব মিকাইল শিপার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
