২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট আইনের বাস্তবায়ন ‘ব্যবসাবান্ধব’ করার দাবি

মূল্য সংযোজন কর (ভ্যাট) আইনের বাস্তবায়ন ব্যবস্থা ব্যবসাবান্ধব করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

একইসঙ্গে ভ্যাট হার কমানো, স্তর ভ্যাট ব্যবস্থা বহাল রাখা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভ্যাট বহির্ভূত বার্ষিক ‘টার্নওভার’ সীমা বাড়ানো এবং ব্যবসায়ী ও ভ্যাট কর্মকর্তাদের মধ্যকার ‘দূরত্ব’ কমানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে নিজেদের এসব দাবির কথা ব্যবসায়ীরা তুলে ধরেন।

এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন।

২০১২ সালে করা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন ২০১৬ সালের জুলাই থেকে কার্যকর হওয়ার কথা, যার ফলে তখন থেকে সবক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।

বর্তমান আইনে ১৫ শতাংশ ভ্যাট থাকলেও তা সব ক্ষেত্রে নেই, যেমন ইংরেজি মাধ্যমের স্কুলে বেতনের ওপর ৭ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এ রকমভাবে আরও কয়েকটি ক্ষেত্রে ২, ৩, ৪ শতাংশ হারে ভ্যাটের বিধান এখন চলছে। আবার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য রয়েছে ‘প্যাকেজ ভ্যাট’।

নতুন আইন অনুযায়ী ভ্যাটের ক্ষেত্রে এ ধরনের স্তর আর থাকবে না, সব ক্ষেত্রেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রযোজ্য হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, “সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট অনেক চাপ হয়ে যাবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা এই হারে ভ্যাট সংগ্রহ করে দিতে পারবেন না।”

ভ্যাট হার নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি ভ্যাটমুক্ত টার্নওভারের সীমা বছরে ২৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩৬ লাখ টাকা করার দাবি জানান তিনি।

নতুন আইন অনুযায়ী, যেসব ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার (বিক্রি) ২৪ লাখ টাকা, তাদের ভ্যাট দিতে হবে না। আর যাদের টার্নওভার ২৪ লাখের বেশি কিন্তু ৮০ লাখ টাকার কম, তাদের ৩ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।

ব্যবসায়ীদের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়ে কাজী আকরাম বলেন, “ভ্যাট আদায়ে ব্যবসায়ীরা নানান হয়রানির শিকার হন। আমরা আশা করব, এনবিআর ব্যবসায়ীদের ওপর আস্থা রাখবে এবং এই হয়রানি বন্ধ হবে। আমরা ভ্যাট দিতে চাই। সেজন্য পরিবেশ চাই।”

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “অনেকেরই মূসকের বিষয়ে সঠিক ধারণা নেই। অনেকেরই ভ্যাট আইন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব আছে। পণ্যের যথাযথ হিসাব রাখলে ব্যবসায়ীদের মূসকের পরিমাণ কমে যায়। তাই তাদের পণ্যের সঠিক হিসাব রাখার দিকে নজর দিতে হবে।”

বাংলাদেশে কর দেওয়ার প্রবণতা কম হওয়ায় রাজস্ব আয় কম হয় মন্তব্য করে তিনি বলেন, “কর কম দেওয়া আমাদের পুরনো অভ্যাস। আমাদের পার্শ্ববর্তী অনেক গরীব দেশের রাজস্ব আমাদের চেয়ে বেশি।”

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে মোট জনসংখ্যা ১১ থেকে ১২ শতাংশ এখন কর দেয়। অথচ প্রতিবেশী দেশগুলোতেও এ হার ১৫ শতাংশের ওপরে।

টার্নওভার করের বিষয়ে ব্যবসায়ীদের দাবি প্রসঙ্গে ‍মুহিত বলেন, “নতুন আইন অনুযায়ী টার্নওভার ২৪ লাখের নিচে হলে এ কর দিতে হবে না। ব্যবসায়ীরা এ নিয়ে আপত্তি করছে। এটা বাড়িয়ে ৩০ লাখের বেশি করার জন্য আগামী বাজেটে আইনে কিছু পরিবর্তন আনা হবে।”

বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, ইউনিলিভারের সাঈদ আহমেদ খান, আকিজ গ্রুপের রুহুল ইসলাম, ম্যারিকো বাংলাদেশের ইকবাল চৌধুরী, বাটার রেজাউল হকসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মুক্ত আলোচনায় নতুন ভ্যাট আইনের বিভিন্ন অংশ সম্পর্কে স্পষ্ট হতে চান।

জবাবে এনবিআর সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন আইন অনুযায়ী যত ধরনের লেনদেন হবে তার ওপর ভ্যাট দিতে হবে। ব্যবসায়ীরা নিজেরাই তাদের কেনা উপকরণের কর রেয়াত হিসাব করে সরবরাহের ওপর কর নির্ধারণ করে দিতে পারবেন।

একটি প্রতিষ্ঠানের একাধিক আউটলেট থাকলে (বাটা বা আড়ং এর মতো প্রতিষ্ঠান) তাদের একটি জায়গা (কেন্দ্রীয় হিসাব নিয়ন্ত্রণ করা হয় এমন জায়গা থেকে) থেকে ভ্যাট নিবন্ধন করতে হবে।

বর্তমানে প্রত্যেকটি আউটলেটের জন্য আলাদা আলাদা ভ্যাট নিবন্ধন করতে হয়।

নতুন আইনের আওতায় সব প্রতিষ্ঠানকেই নতুন করে নিবন্ধন করতে হবে। আর এ কাজ সহজ করতে এনবিআর অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা করেছে।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউট মিলনায়তনে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২: করদাতা উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এ সেমিনার হয়।