২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনসেপ্টা এনেছে হেপাটাইটিস সি’র স্বল্পমূল্যের ওষুধ

বিশ্বে প্রথমবারের মতো স্বল্পমূল্যে হেপাটাইটিস সি’র ট্যাবলেট বাজারজাত করেছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 10:55 AM

Updated : 22 Aug 2022, 11:53 AM

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গিলিড সায়েন্সেস যেখানে হেপাটাইটিস ‘সি’ নিরাময়ে তাদের পেটেন্ট করা ‘সোভালডি’ ট্যাবলেট এক হাজার ডলারে বিক্রি করছে, সেখানে ইনসেপ্টা তাদের তৈরি করা সোফসবুভির (জেনেরিক) ট্যাবলেটের দাম ঠিক করেছে ১০ ডলার। 

গিলিড তাদের ওষুধটির একটি সশ্রয়ী সংস্করণ বাজারে আনতে ভারতের ১১টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিলেও ইনসেপ্টা তাদের নিজস্ব উদ্যোগে তা করতে সফল হয়েছে।

বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গ বিজনেস একে ইনসেপ্টার বড় ধরনের সাফল্য বলে উল্লেখ করেছে। 

এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ডক্টরস উইদাউট বর্ডার ইতোমধ্যে আফ্রিকার জন্য ওষুধটি কিনতে আমাদের সঙ্গে আলোচনা শুরু করেছে।” 

মুক্তাদির জানান, তারা গত মাসে এ ওষুধটি বাজারে এনেছেন। এ ওষুধ ব্যবহারে হেপাটাইটিস ‘সি’ চিকিৎসায় একজন রোগীর খরচ পড়বে ৬০ হাজার টাকা।  

ব্লুমবার্গ বিজনেস জানিয়েছে, থাইল্যান্ড, মালয়েশিয়া ও মরক্কোর মতো যেসব দেশে গিলিডের ওষুধ উৎপাদনের লাইসেন্স নেই বা যেখানে  ‘সোভালডি’ পেটেন্ট করা হয়নি, সেসব দেশের রোগীরা ইনসেপ্টার এই ওষুধের মাধ্যমে উপকৃত হতে পারেন।  

ইনসেপ্টার এমডি জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে (এলডিসি) ফার্মাসিউটিক্যাল পেটেন্টের নিয়ম রক্ষা করার বাধ্যবাধকতা নেই। আর হেপাটাইটিস ‘সি’র ওষুধ তৈরির ক্ষেত্রে ইনসেপ্টা সেই সুযোগটিই কাজে লাগিয়েছে। 

১৯৯৯ সালে যাত্রা শুরু করা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের বাজারে ছয়শর বেশি ওষুধ ও পণ্য বিক্রি করছে, যার মধ্যে সাধারণ ট্যাবলেট থেকে শুরু করে ইনসুলিনও রয়েছে।

ইনসেপ্টা ২০১২ সালে বাংলাদেশে প্রথমবারের মতো আলাদা ভ্যাকসিন ইউনিট চালু করে যেখানে এখন সোয়াইন ফ্লুর ভ্যাকসিনও তৈরি হচ্ছে।

দেশের চাহিদা মেটানোর পাশাপাশি যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও তুরস্কসহ অন্তত ৪০টি দেশে ইনসেপ্টা ওষুধ রপ্তানিও করছে।