২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাদুকা বাজারে আশার হাতছানি

জামার পর জুতা- না, ঈদ বাজারের ফর্দ এটা নয়; চীনের বাণিজ্য নীতির পরিবর্তনের ফলে তৈরি পোশাক খাতের পর এবার চামড়া শিল্পে নতুন আশার হাতছানি দেখতে পাচ্ছেন উদ্যোক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা বিনতে রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 07:03 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

তাদের বিশ্বাস, বিশ্বের সবচে বেশি পাদুকা প্রস্তুতকারী দেশ চীন এ খাত থেকে নজর সরিয়ে নেওয়ায় বাংলাদেশই হতে চলেছে চামড়া শিল্পের বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের পরবর্তী গন্তব্য।

উদ্যোক্তারা মনে করছেন, সুযোগ ও সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারলে বাংলাদেশের ৫০ কোটি ডলারের জুতাশিল্পকে পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব।

এ শিল্পের জন্য পর্যাপ্ত কাঁচামাল, চামড়া প্রক্রিয়াজাত করার প্রয়োজনীয় অবকাঠামো, সস্তা শ্রম এবং জুতা তৈরির জন্য যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধাসহ বেশকিছু সরকারি উদ্যোগের ফলে বিদেশি উদ্যোক্তারা ইতোমধ্যে  বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহী করে তুলছে বলে এ খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন।

লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর জানান, এরই মধ্যে অন্তত ৫১টি প্রতিষ্ঠান যৌথ বিনিয়োগে বাংলাদেশের পাদুকা শিল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

“সবচে বেশি জুতা প্রস্তুতকারী দেশ চীন এখন বিশ্ববাজার থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। আর আমাদের দেশ এখন বিপুল সম্ভাবনা নিয়ে প্রস্তুত হয়ে আছে এ খাতে বিদেশি বিনিয়োগ পাওয়ার জন্য।”

চীনের চামড়া শিল্প নিয়ে রিসার্চ অ্যান্ড মার্কেট ডটকমের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যায়, ২০১২-১৩ সালে চীনে চামড়ার তৈরি জুতা শিল্পের উৎপাদন ৫ দশমিক ২৯ শতাংশ থেকে ৭ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

চীনের ছেড়ে দেওয়া বিশ্বের জুতার বাজারের ওই অংশটিই ধরতে চাইছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে চামড়া, চামড়াজাত পণ্য ও চামড়ার জুতা বিদেশে পাঠিয়ে বাংলাদেশের আয় হয়েছে ১২৯ কোটি ডলার, যা মোট রপ্তানি আয়ের ৪ দশমিক ২ শতাংশ।

চামড়া শিল্পের রপ্তানি আয়ের মধ্যে গত অর্থবছর জুতা রপ্তানি থেকে এসেছে ৫৫ কোটি ডলার। আগের অর্থবছর পাদুকা রপ্তানি করে ৪১ দশমিক ৯৩ কোটি ডলার আয় করেছিল বাংলাদেশ।

চলতি ২০১৪-১৫ অর্থবছরেও এই ধারা অব্যাহত রয়েছে। জুলাই-ফেব্রুয়ারি সময়ে চামড়াজাত পণ্য রপ্তানিতে আয় বেড়েছে ৭ শতাংশ; ফুটওয়্যার রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ১৬ শতাংশ।

শুরুর বিবেচনায় এক দিক দিয়ে বাংলাদেশের চামড়া শিল্প পোশাক খাতের চেয়েও এগিয়ে আছে বলে মনে করছেন দেশের শীর্ষস্থানীয় পাদুকা প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।

তিনি বলেন, “গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে শুরুতে যেটা হয়েছিল, তারা বিদেশি অর্ডার পেত কিন্তু ব্যাকওয়ার্ড লিংকেজ ছিল না। পরে সেটা ডেভেলপ করে। আর চামড়া শিল্পের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিংকেজ, মানে র’ ম্যাটেরিয়াল বা কাঁচা চামড়া, সেই চামড়াকে প্রক্রিয়াকরণের কারখানা প্রচুর রয়েছে এখানে। অর্থাৎ চামড়ার জুতা তৈরির সকল ধরনের সুবিধাই প্রস্তুত।

“আর সবচে বড় কথা হল- চামড়ার জুতা উৎপাদনকারী প্রধান দেশ চীন, ভিয়তেনাম এবং ব্রাজিল এ খাত থেকে ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছে। তাই আমি মনে করি, গার্মেন্ট শিল্পের পর চামড়া শিল্পই এখন বিদেশি বিনিয়োগ আসার সবচেয়ে সম্ভাবনাময় খাত।”

লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১০টি রপ্তানিমুখী কারখানায় চামড়ার পাদুকা তৈরি হয়।

এর মধ্যে এপেক্স, এফবি, পিকার্ড বাংলাদেশ, জেনিস, আকিজ, আরএমএম বেঙ্গল এবং বে’র রয়েছে নিজস্ব ট্যানারি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা।

এর বাইরে শুধু চামড়া প্রক্রিয়াজাত করে এমন কারখানার সংখ্যা ২০৭টি।

এ শিল্প থেকে চীনের পিছিয়ে আসার কারণ জানতে চাইলে বাংলাদেশ ফুটওয়্যার অ্যান্ড ফুটওয়্যার এক্সেসরিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, চীনের বাজারে শ্রমিকদের বেতন আগের তুলনায় বেড়ে গেছে। আগের মতো সস্তা শ্রম না মেলায় অন্য ব্যবসায় মনোযোগী হচ্ছে চীন।

“আমাদের চামড়া আছে, কিন্তু জুতা বানানোর যন্ত্রপাতি যেমন কাটিং, স্যুয়িং মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হয়। আর এই আমদানিতে গত ৫ বছর ধরে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে আমাদের সরকার।”

আবার পাদুকা রপ্তানির ক্ষেত্রে ১ লাখ ডলারের বেশি রপ্তানিতে সরকার ১৫ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে। পাশাপাশি আছে ট্যাক্স হলিডে সুবিধা।

জুতার তলা, জুতা বানানোর আঠাসহ ছোট-খাট অন্যান্য সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানো হলে রপ্তানি বাড়ানো সহজ হবে বলেও মনে করেন হুমায়ুন কবীর।

বাংলাদেশে জুতার চাহিদা কত- তার সঠিক কোনো পরিসংখ্যান সরকারের হাতে নেই। তবে বাজারের অভিজ্ঞতা থেকে এ খাতের ব্যবসায়ীদের ধারণা, দেশে প্রতিবছর আনুমানিক ২০ থেকে ২৫ কোটি (২০০ থেকে ২৫০ মিলিয়ন) পাদুকার চাহিদা রয়েছে, যার ৯২ থেকে ৯৫ শতাংশ দেশীয় উৎপাদন থেকে পূরণ হয়।

বিশ্বে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা জাপান; মোট রপ্তানি পণ্যের ৫৫ থেকে ৬০ শতাংশ জাপানের বাজারেই যায়। আর বাংলাদেশের চামড়ার জুতার ক্ষেত্রে শুরু থেকেই জাপান ‘ডিউটি ফ্রি’ ও ‘কোটা ফ্রি’ সুবিধা দিয়ে আসছে।

গত শতকের সত্তরের দশক থেকে বাংলাদেশ বিশ্ব বাজারে কাঁচা চামড়া রপ্তানি করে এলেও ১৯৯০ সালে প্রথমবারের মতো চামড়ার পাদুকা রপ্তানির লক্ষ্য নিয়ে কারখানা খোলে এপেক্স।

বর্তমানে গাজীপুরে এপেক্সের নিজস্ব কারখানায় প্রতিদিন ২০ হাজার জোড়া জুতা তৈরি হয়। বাংলাদেশের চাইতে ১৪ গুণ বেশি জনসংখ্যার দেশ ভারতে এ সক্ষমতা আছে মাত্র তিনটি প্রতিষ্ঠানের।

দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি টিম্বারল্যান্ড, এলডো ও এবিসি মার্টের মতো বিশ্বখ্যাত কোম্পানির জন্য পাদুকা তৈরি করে অ্যাপেক্স।

দেশের ওষুধ শিল্প, বিদ্যুৎ ও অবকাঠামো খাতের বড় প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ গত বছরের গোড়ার দিকে পাদুকার বাজারে প্রবেশ করে।

ওরিয়ন ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মোল্লা বলেন, দেশীয় চাহিদা ও রপ্তানি মিলিয়ে এখন বাংলাদেশের জুতার বাজারের আকার প্রায় ৫০ কোটি ডলারের। আর দেশের পাদুকা শিল্প এখন সম্প্রসারিত হওয়ার জন্য অনেক বেশি তৈরি।

“বিভিন্ন সুবিধার কারণে আমাদের এ বাজার বিদেশিদের কাছে খুবই আকর্ষণীয় খাত। আর এতো সস্তায় বিদ্যুৎ পৃথিবীর কোথাও পাওয়া যায় না, সেটাও একটা বড় দিক। সব মিলিয়ে বিদেশি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ উপযোগী স্থিতিশীল পরিস্থিতি দিতে পারলে এবং নিজেরা আরো বেশি করে রপ্তানিতে যেতে পারলে পাঁচ বছরেই এ বাজার বেড়ে ১৫ বিলিয়ন ডলারের হতে পারে।”

রুহুল আমীন জানান, ওরিয়নের নিজস্ব কারখানা এখনো তৈরি না হলেও অন্যান্য কারখানা থেকে বিশেষ ডিজাইনে ৪৫০ ধরনের পাদুকা প্রস্তুত করাচ্ছেন তারা। আর ফ্র্যানচাইজি হিসাবে যুক্তরাজ্যের ক্লার্কস ও কানাডার উডল্যাণ্ডের জন্য জুতা প্রস্তুত করছেন।

এক দশকের বেশি সময় জর্ডানে বাটার মহা ব্যবস্থাপক হিসাবে কাজ করা রুহুল আমীন বলেন, “আমাদের এ ব্যবসায় আসার কারণ খুবই স্পষ্ট। বিশ্ববাজার যাচাই করে দেখেছি, চীন এখন খুব একজস্টেড। তারা তাদের জুতা শিল্পকে কুটির শিল্প ঘোষণা করেছে। ফলে সস্তা শ্রম, কাঁচা মাল এবং সরকারের সাপোর্ট এখন বিশ্ববাজারকে দেখাচ্ছে যে এই শিল্পের নেক্সট ডেস্টিনেশন বাংলাদেশ।”

তবে বাংলাদেশকে এক্ষেত্রে ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, হাইতি ও বাহামা দ্বীপপুঞ্জের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলে জানান তিনি।

“এদেরও সস্তা শ্রম, শুল্কমুক্ত সুবিধা আছে। কেবল রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এদের সাথে আমাদের বড় পার্থক্য তৈরি হতে পারে।”

বিশ্বে পাদুকা বাজারে বাংলাদেশ তুলনামূলক নতুন হলেও কাঁচা চামড়া রপ্তানি করে আসছে প্রায় চার দশক ধরে। ১৯৯০ সাল পর্যন্ত কাঁচা চামড়া বা ওয়েট-ব্লু লেদার এবং প্রক্রিয়াজাত করা চামড়া ক্রাস্ট লেদার রপ্তানি হতো বেশি। আর এখন বেশি রপ্তানি হয় ফিনিশড লেদার।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলী হোসেন বলেন জানান, দেশে প্রতিবছর গড়ে ২০০ থেকে ৩০০ মিলিয়ন বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন হয়, যার বেশির ভাগটাই রপ্তানি হয়।

২০১৪ সালে যেখানে ২৮০ মিলিয়ন বর্গফুট ফিনিশড লেদার উৎপাদিত হয়েছে, সেখানে রপ্তানি হয়েছে ২৬০ মিলিয়ন বর্গফুট।

“ফরাসিদের ‘ফ্রেঞ্চ কাফের’ পর মানের দিক থেকে আমাদের দেশের চামড়াই দুনিয়ার সেরা। এরকম স্মুথ গ্রেইনের চামড়া অন্য কোথাও মেলে না।”

এরমধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তর হয়ে গেলে চামড়া শিল্পের সম্ভাবনা আরও জোরালো হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।