২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কারুশিল্পীদের জীবন ও কর্ম নিয়ে প্রদর্শনী

কারুশিল্পীদের জীবন ও কর্ম নিয়ে রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 09:44 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

শুক্রবার বিকালে পাঁচদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগ।

দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীরা নিজেদের শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। প্রদর্শনীস্থলেই কারুশিল্পীরা তাদের পণ্য তৈরি করছেন। এসব কারুপণ্য কিভাবে তৈরি হয় তা যেমন এখানে দেখা যাবে, পাশাপাশি কিনেও নিতে পারবেন দর্শকরা।

প্রদর্শনীতে রূপগঞ্জের জামদানি, নারায়ণগঞ্জের হাতপাখা ও নকশী কাঁথা, রাজশাহীর শখের হাড়ি, নারায়ণগঞ্জের কাঠের পুতুল, কিশোরগঞ্জের টেপা পুতুল, ঢাকার ধাতব (কাসা, পিতল) শিল্প, ঢাকার নকশী পিঠা-পুলি, মৌলভীবাজারের শীতল পাটি, ঢাকার বই বাঁধাই, ঝিনাইদহের শোলা শিল্প, ময়মনশিংহের পাট শিল্প, ঝিনাইদহের বাঁশি শিল্প, ঢাকার বেত শিল্প, টাঙ্গাইলের বাঁশ, মুন্সীগঞ্জের পটচিত্র, ঢাকার রিকশা পেইন্টিং ও গোপালগঞ্জের তুলাধুনা শিল্পের শিল্পীরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের রয়েছে নান্দনিক জ্ঞান ও রুচি। এর উৎকৃষ্ট উদাহরণ রিকশা পেইংটিং, গ্রামের ঘরে ঘরে নারীদের তৈরি এলাহী ভরসা ও মায়ের দোয়া। এছাড়া নানান রূপের পিঠা তো রয়েছেই।

“এসব নান্দনিক কার‌্যক্রম অতি উচ্চ মার্গের। আমরা সংস্কৃতিবান জাতি। কেউ নৌকা চালাচ্ছে সে ভাটিয়ালি গাইছে, আবার একজন গরুর গাড়ি চালাচ্ছে সে পল্লী গীতি গাইছে। জাতির সর্বস্তরে সংস্কৃতির চর্চা দেখে আমি গর্ববোধ করি।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমীর উপপরিচালক আমিনুর রহমান সুলতান।  

জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজুর রহমান, সদস্য নজরুল ইসলাম ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জাদুঘরের দক্ষিণ পাশে খোলা জায়গায় এই প্রদর্শনী চলবে ২৪ ফেব্রুয়ারি পর‌্যন্ত। সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৭টা পর‌্যন্ত চলবে এ প্রদর্শনী।