২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০টি দেশে একই মূল্যে রবির রোমিং সুবিধা

বিশ্বের ১০০টি দেশে সহজ প্রক্রিয়া ও সাশ্রয়ী মূল্যে রোমিং সেবা নিয়ে নতুন প্যাকেজ ঘোষণা করেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 10:06 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

এর ফলে নির্ধারিত দেশগুলোতে কোনো নির্দিষ্ট অপারেটর বাছাই না করে বরং একটি নির্দিষ্ট দেশের সব অপারেটরেই একই রেটে রোমিং সুবিধা পাবেন রবি গ্রাহকরা।

এছাড়া নতুন এই প্যাকেজে ভয়েস রোমিংয়ের পাশাপাশি ৭২টি দেশে প্রতিদিন ডাটা রোমিং প্যাকও দিচ্ছে রবি। এই প্যাকেজটি চালু করতে রবি গ্রাহকদের বিনামূল্যে *১৮০*১০*৩# ডায়াল করতে হবে।

সোমবার গুলশানের ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে রবির এই প্যাকেজটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি এজিয়াটা লিমিটেডের করপোরেট অ্যান্ড এন্টারপ্রাইজ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন নোবেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ।

প্যাকেজটির বিভিন্ন সুবিধা সবার সামনে তুলে ধরে বক্তব্য রাখেন আদিল হোসেন নোবেল। তিনি জানান, মঙ্গলবার থেকেই এই সুবিধাটি পেতে পারেন রবি গ্রাহকরা।

মাহতাবউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি হওয়ায় এখন ব্যবসার পাশাপাশি ভ্রমণ ও চিকিৎসার জন্য দেশের বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন দেশে যাচ্ছেন। দেশের সঙ্গে তাদের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতেই বিশ্বের ১০০টি দেশের যেকোনো অপারেটর বাছাই করে একই রেটে ব্যবহার করতে পারবেন রবি গ্রাহকরা।

তিনি জানান, বাংলাদেশে এই সুবিধা প্রথমবারের মতো নিয়ে এসেছে রবি।