২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনদ জালিয়াতি: বেসিক ব্যাংকের ১০ কর্মকর্তা বরখাস্ত

শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতি করে এবং বিধিবহির্ভূত চুক্তির মাধ্যমে নিয়োগ পাওয়া ১০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 10:04 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

মঙ্গলবার এক অফিস আদেশ জারি করে ৭ সহকারী কর্মকর্তা (ক্যাশ) ও ৩ চুক্তিভিত্তিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ।

সাত সহকারী কর্মকর্তা হলেন- মিরপুর বাজার শাখার আরাফাত হোসেন, মোহাম্মাদ সোহেল আহমেদ, চৌমুহনী শাখার আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ টানবাজার শাখার উৎপল বিশ্বাস, রাজধানীর শান্তিনগর শাখার আকলিমা পারভীন, কুষ্টিয়া শাখার আব্দুল্লাহ আল মামুন এবং মঠবাড়িয়া শাখার সৈয়দ শামসুল আরেফিন।

সনদ জালিয়াতি প্রমাণিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।

মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূয়া সনদ দেওয়ার কারণে আগেই তাদের ‘ডিসমিস’ করার কথা থাকলেও তারা চাকরিতে বহাল ছিলেন।

“দেশের আইন, চাকুরিবিধি বা কোম্পানি আইন অনুযায়ী তাদেরকে চাকুরিতে রাখা যায় না। উই আর ট্রায়িং আওয়ার বেস্ট। যত ভুলত্রুটি হয়েছে আমরা তার রেক্টিফাই করার চেষ্টা করছি।”

বেসকি ব্যাংকের মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, আগের পরিচালনা পর্ষদে নিয়োগ পাওয়ার পর এসব কর্মকর্তার সনদ জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে চাকরিতে বহাল রাখা হয়।

এছাড়া ব্যাংকের রিকভারি টিমের দায়িত্বপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক মো. আজিজুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে, যিনি ব্যাংকের সাবেক বিতর্কিত চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর ভগ্নিপতি।

বাচ্চু ব্যাংকটিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর আজিজুল প্রথমে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পান। নয় মাসের মাথায় তাকে পদোন্নতি দিয়ে উপ-মহাব্যবস্থাপক করা হয়।

এছাড়া আবু সাঈদ ও রহুল আমিন নামে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুজন আর্ম গার্ডকে চাকরীচুত করা হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আজিজুল হকসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার নিয়োগ ‘নিয়ম অনুযায়ী’ হয়নি বলে জানানো হয়েছিল।