২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা সংসদ সচিবালয় চট্টগ্রামেই রাখতে চান ব্যবসায়ীরা

চট্টগ্রাম থেকে চা সংসদ সচিবালয় ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া বন্ধে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হস্তক্ষেপ চেয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 09:23 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে এই আবেদন জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (সিসিসিআই)।

ফ্যাক্সে পাঠানো চিঠিতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের উৎপাদিত ও আমদানি করা চায়ের বিপণন ও বাজারজাতকরণের লক্ষ্যে চট্টগ্রামে একটি চা নিলাম কেন্দ্র, ১৩ টি ওয়ারহাউজ, ছয়টি ব্রোকার হাউজসহ পরিবহন ও বিপনণের সব অবকাঠামো আছে।

“এ কারণে ১৯৪৯ সালে চট্টগ্রামে চা সংসদ সচিবালয় প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু ৬৫ বছরের পুরনো এ চা সংসদ সচিবালয়কে ঢাকায় স্থানান্তরে প্রক্রিয়া গোপনে চূড়ান্ত হয়েছে বলে জানতে পেরেছি।”

তিনি বলেন, ১৯৭৮ সালেও একবার এ ধরণের উদ্যোগ নেওয়ার পর ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় চা সংসদ সচিবালয় চট্টগ্রামেই রাখার ঘোষণা দেয়।

“এখন আবার এ পাঁয়তারার কারণ ও যৌক্তিকতা সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের কাছে বোধগম্য নয়।”

চিঠিতে বলা হয়, গত কয়েক বছর ধরে চা নিলাম কেন্দ্রটি সিলেটে স্থানান্তরের চেষ্টা অব্যাহত আছে। এই অবস্থায় চা সংসদ সচিবালয় ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা চট্টগ্রামের প্রতি বিরূপ আচরণ। পাশাপাশি এটা এ অঞ্চলের সুদীর্ঘ ব্যবসায়িক ঐতিহ্যক ক্ষুণ্ন করার হীন চেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২১১৫ঘ.