হরতালেও দোকান, বিপণি-বিতান খোলা রাখার সিদ্ধান্ত
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতালে রাজধানীসহ সারাদেশে দোকান ও বিপণি বিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
শনিবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সংঘাত-সহিংসতা ও অবরোধ-হরতালের মতো কর্মসূচি’ পরিহারেরও আহ্বান জানানো হয়।
গত ৫ জানুয়ারি থেকে অবরোধ চালিয়ে আসা বিএনপি জোট ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিনই হরতাল চালিয়ে আসছে। শনিবার বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রোববার থেকে নতুন করে ৭২ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য ‘ধ্বংসের হাত থেকে’ রক্ষার জন্য ঢাকাসহ সারাদেশের সব দোকান, বিপণি বিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানানো হয়েছে দোকান মালিক সমিতির পক্ষ থেকে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান এস এ কাদের কিরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল–অবরোধে আমরা দোকান খোলা রাখছি। তবে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এজন্য আমরা বিষয়টি সকলকে মনে করিয়ে দিচ্ছি।”
অবরোধের প্রথম ৩৩ দিনে দেশের ব্যবসা-বাণিজ্যের ৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ইতোমধ্যে সহিংস রাজনীতি বন্ধ ও আইন করে হরতাল-অবরোধ বন্ধের দাবি জানানো হয়েছে।
