২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেতাদের কী উত্তর দেব, প্রশ্ন রপ্তানিকারকদের

চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান না হলে দেশের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়বে বলে সতর্ক করে সংকট কাটাতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পোশাক খাতের ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 05:46 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

হরতাল-অবরোধের মধ্যে চলমান সহিংসতা বন্ধের দাবিতে শনিবার রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনের সামনে প্রতীকী অনশনে বসেন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএসহ পোশাক খাত সংশ্লিষ্ট ৪০টি সংগঠনের নেতা-কর্মীরা।

চলমান সহিংসতা চলতে থাকলে শুধু ব্যবসায়ীদের অনশন নয়, কোটি কোটি শ্রমিক বাস্তবে অনাহারে থাকতে ‘বাধ্য হবে’ বলে সবাইকে সতর্ক করেন ব্যবসায়ী নেতারা।

সহিংসতা বন্ধ না হলে আগামীতে পোশাক খাতের মালিক-শ্রমিকরা আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের সমাবেশ থেকে।

গত এক মাসের বেশি সময় ধরে অবরোধ চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাদের উদ্দেশে  সমাবেশ থেকে বলা হয়, “হরতাল না মানার অধিকার আমাদের আছে।”

আর সরকারের প্রতি নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, “হয় নিরাপত্তা দিন, নয়তো ক্ষতিপূরণ দিন।”

অনশনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা আসিফ ইব্রাহিম, বাংলাদেশ গার্মেন্টস প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জসিমউদ্দিন, ডিসিসিআইয়ের সভাপতি শোয়েব চৌধুরী, এফবিসিসিআইয়ে সাবেক সভাপতি এ কে আজাদ, গার্মেন্টস শ্রমিক নেতা মঈনউদ্দিন মণ্ডল, বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী, স্কয়ার গ্রুপের কর্ণধার তপন চৌধুরী, পরিবহন মালিক সমিতির সদস্য ও বাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান, দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের কিরণ, বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন প্রমুখ।

এছাড়া সংসদ সদস্য তারানা হালিম, সাংবাদিক মোজাম্মেল বাবু,  গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, গার্মেন্ট শ্রমিক নেতা মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি বাবুল শিকদার ব্যবসায়ীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন।

বক্তব্যে সালাম মুর্শেদী বলেন, “বিদেশি ক্রেতারা প্রতিনিয়ত জানতে চাচ্ছেন- দেশের চলমান সংকট কবে সমাধান হবে? কিন্তু আমরা নিজেরাই জানি না, তাদের কী উত্তর দিব।

“তারা এ দেশ থেকে অর্ডার প্রত্যাহার করারও চিন্তাভাবনা শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে এ খাতের সবাইকে পথে নামতে হবে।”

অবিলম্বে নাশকতা বন্ধের দাবি জানিয়ে তপন চৌধুরী বলেন, “আপনার দয়া করে নাশকতা বন্ধ করুন। তা না হলে পুরো দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে।”

নাশকতাকারীদের বিরুদ্ধে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে সাংস্কৃতিক কর্মী তারানা হালিম বলেন, “যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তারা চিহ্নিত।কিন্তু তাদের নাম উল্লেখ করলে বলা হয়, রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে।”

আগামী এক সপ্তাহের মধ্যে সহিংসতা বন্ধ না হলে ঢাকার কয়েক লাখ দোকান মালিক-কর্মচারীকে নিয়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান।

অনশন চলাকালেই বেলা সাড়ে ১২টার দিকে মঞ্চের কাছেই একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে তাৎক্ষণিকভাবে উপস্থিতদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সে সময় মিনিট দশেকের জন্য বক্তব্য বন্ধ রাখা হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে অনশনকারীরা জানিয়েছেন।

হাতবোমা বিস্ফোরণের পর কারওয়ান বাজার মোড় থেকে এফডিসি রেল ক্রসিং পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বেলা পৌনে ২টার দিকে বক্তব্য শেষে গণসঙ্গীতে সহিংসতার প্রতিবাদ জানানো হচ্ছে ব্যবসায়ীদের এই সমাবেশ থেকে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের এই প্রতীকী অনশন চলার কথা রয়েছে।