ব্যবসায়ীদের অনশনস্থলে হাতবোমা বিস্ফোরণ
হরতাল-অবরোধে পোশাক ও বস্ত্র শিল্পকে আর্থিক ক্ষতি থেকে বাঁচানোর দাবিতে ব্যবসায়ীদের প্রতীকী অনশনস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর খবর পাওয়া গেছে।
তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে ঢাকার কারওয়ান বাজারে সংগঠনের কার্যালয়ের সামনে শনিবার বেলা ১২ টা ২৫ মিনিটের দিকে ওই বিস্ফোরণ ঘটে। এরপর কিছু সময় বন্ধ থাকলেও পরে সেখানেই আবার কর্মসূচি শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, বিস্ফোরণের পর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে এফডিসিমুখী রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে অনশন মঞ্চ থেকে জানানো হয়।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি এ কে আজাদ, ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিমসহ পোশাক খাতের ব্যবসায়ী নেতারা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সকালে শুরু হওয়া অনশন বিকাল পর্যন্ত চলার কথা রয়েছে।
এদিকে কাছাকাছি সময়ে কারওয়ানবাজার আন্ডারপাসের পূর্ব পাশের ছাউনির ওপর দুটি ককটেল ফাটানো হয়।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, তারা বোমাবাজদের আটকের চেষ্টা করছেন।
চলমান হরতাল-অবরোধের শুরু থেকেই ব্যবসায়ীরা এ ধরনের কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
সহিংস রাজনীতি বন্ধ ও আইন করে হরতাল-অবরোধ বন্ধের দাবিতে গত ৮ জানুয়ারি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে সারাদেশের ব্যবসায়ী সংগঠনগুলো হাতে জাতীয় পতাকা নিয়ে ও জাতীয় সংগীত গেয়ে মানববন্ধনও করেন।
