২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপ্যায়নের জন্য প্রস্তুত সি পার্ল

প্রায় পাঁচ বছরের প্রচেষ্টায় নির্মাণ ও সাজসজ্জা শেষে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে দেশের সমুদ্র তীরবর্তী বৃহত্তম পাঁচ তারকা অবকাশ যাপন কেন্দ্র ‘রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 05:10 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী এপ্রিল-মে মাসে কক্সবাজারের ইনানিতে অবস্থিত এই রিসোর্টটি অতিথিদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামীম।

ইনানি সমুদ্র সৈকতের পাশে প্রায় ১৪ একর এলাকা ঘিরে রিসোর্টের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১০ সালের শেষ দিকে। মান ঠিক রেখে পরিবেশবান্ধব এই অবকাশ যাপন কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

সি পার্ল রিসোর্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বৃহত্তম এই অবকাশ কেন্দ্রে ৪৯৩টি বিভিন্ন আকৃতির কক্ষ, স্যুট, সার্ভিস অ্যাপার্টমেন্ট, রেস্তোরাঁ, আন্তর্জাতিক মানের বার, কফি শপ, জিমনেশিয়াম, দুটি বড় সুইমিং পুল, ট্রাডিশনাল থাই স্পাসহ নানা ধরনের খেলাধুলা, থ্রিডি সিনেমা ও একটি ওয়াটার পার্ক রয়েছে।

উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে জানাতে বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সি পার্ল বিচ রিসোর্টের মালিকপক্ষ।

সংবাদ সম্মেলনে রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম মকবুল হোসেন জানান, এক বছর আগে তাদের এই রিসোর্টের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি।

বর্তমাণে নির্মাণ কাজ প্রায় শেষের দিকে জানিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী এপ্রিল-মে মাসের মধ্যে রিসোর্টটি উদ্বোধন করবেন তারা।

সংবাদ সম্মেলনে মকবুল আরো জানান, বিশ্বমানের হোটেল ব্যবস্থাপনা কোম্পানি ‘লুভর হোটেল’ সি পার্লের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।  

বিশ্বের ৪৬টি দেশে হোটেল পরিচালনার কাজে নিয়োজিত ‘লুভর হোটেল’ গ্রুপেরই সহযোগী প্রতিষ্ঠান ‘রয়েল টিউলিপ’, যারা কেবল পাঁচ তারকা হোটেল ব্যবস্থাপনা করে থাকে।

প্রাইম ব্যাংক লিমিটেডসহ আরো নয়টি প্রতিষ্ঠান এই রিসোর্ট গড়ে তুলতে বিনিয়োগ করেছে বলে জানান সি পার্লের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক শামীম।

এরইমধ্যে এই প্রকল্পে পাঁচশ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সি পার্ল রিসোর্টকে কেন্দ্র করে বাংলাদেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘বেঙ্গল ভেকেশান ক্লাব’, যার সদস্যরা বছরে একবার সপ্তাহব্যাপী রিসোর্টটিতে অবকাশ যাপনের সুযোগ পাবেন।

বিশ্বব্যাপী পরিচিত ভেকেশান এক্সচেঞ্জ নেটওয়ার্ক ‘ইন্টারভ্যাল ইন্টারন্যাশনাল’ এর সঙ্গে চুক্তিবদ্ধ আছে বেঙ্গল ভেকেশান ক্লাব। এতে এই ক্লাবের সদস্যদের মধ্যে যাদের সদস্যপদের মেয়াদ ২৫ বছর হবে তারা সি পার্লের মতোই বিশ্বের ৭৫টি দেশের দুই হাজার পাঁচ তারকা হোটেলে একইভাবে অবকাশ যাপনের সুযোগ পাবেন।