২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চলছে আন্তর্জাতিক চলন্ত সিঁড়ি প্রদর্শনী

দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘আন্তর্জাতিক লিফট ও এস্কেলেটর’ প্রদর্শনীর, যাতে অংশ নিয়েছে বিশ্বের ১৪টি দেশের অর্ধশতাধিক কোম্পানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 11:45 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

মঙ্গলবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনাকসা ও রাজদর্শন হলে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবের চেয়ারম্যান আলমগীর শামসুল আল আমিন, পরামর্শক প্রতিষ্ঠান টেক ম্যাথিউসসহ বিভিন্ন লিফট এস্কেলেটর কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

প্রদর্শনীর আয়োজক ভারতের ভার্গো কমিউনিকেশন অ্যান্ড এক্সিবিশনের পরিচালক অনিতা রাঘুনাথ বলেন, আইইই এক্সপো-২০১৫ ঢাকায় সর্বপ্রথম একটি প্লাটফর্ম যেখানে ক্যাপসুল লিফট, এস্কেলেটর, লিফটের কেবিন, দরজা, নিরাপত্তামূলক যন্ত্রাদি সম্পর্কে ধারণা নিতে পারবেন ক্রেতারা।

প্রদর্শনীতে ভারত, চীন, কোরিয়া, ইতালি, স্পেন, গ্রিস, আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত সুইজারল্যান্ড, জার্মানি, আমেরিকা, ফ্রান্স, হংকংসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

গণপূর্তমন্ত্রী বলেন, নির্মাণ শিল্পে বাংলাদেশ বিশ্বের অন্যতম অবস্থানে রয়েছে। সরকারি-বেসরকারি পর‌্যায়ে নির্মিত হওয়া বহুতল ভবনের জন্য লিফট ও এস্কেলেটরের প্রয়োজনীয়তা অস্বীকারের সুযোগ নেই।

মতিঝিল ও আজিমপুরে আরও এক হাজার সরকারি কর্মকর্তার জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব প্রকল্পের বহুতল ভবনগুলোতেও ঝুঁকিমুক্ত লিফটের প্রয়োজন হবে।

রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আল ইমন বলেন, “এই প্রদর্শনী বাংলাদেশের রিয়েল এস্টেট ডেভেলপারদের নিত্যনতুন এবং অধিক সুবিধা সম্বলিত পণ্য সম্পর্কে ধারণা দেবে যা তুলনামূলক সাশ্রয়ী এবং ক্রেতাদের উপযোগী হবে।”

আয়োজকরা জানান, দীর্ঘ সাত বছর ধরে ভারতে আন্তর্জাতিক লিফট ও চলন্ত সিঁড়ির মেলা হচ্ছে, যা বিশ্বব্যাপী এধরনের পণ্যের ব্যাপক উপযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশের এই প্রদর্শনীকে সার্বিক বিচারে বিশ্বের চতুর্থ আন্তর্জাতিক মানের লিফট প্রদর্শনী বলা যায়।

আগামী ১২ ফেব্রুয়ারি পর‌্যন্ত চলবে এই প্রদর্শনী।