২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারমুডির ‘সহজতর’ অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন

অনলাইনে গাড়ি কেনাবেচার মাধ্যম ‘কারমুডি’ চালু করেছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন, যাতে দ্রুত সময়ে আরও সহজতর লেনদেন করা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

বিক্রেতাদের ব্যবহারের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে অ্যাপলিকেশনটির ফিচারগুলোর সম্প্রতি বিশেষ কিছু বর্ধন ও পরিবর্তন আনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মকর্তারা জানান, দশ হাজারেরও বেশি নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড যানবাহন এবং চারশ’ শোরুমের গাড়ি কারমুডির (www.carmudi.com.bd) ওয়েবসাইটে প্রতি সপ্তাহে আপডেট হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারের জন্য বিক্রেতাদের অ্যাপটি ‘গুগল প্লে’ থেকে ডাউনলোড করতে হবে, এরপর তার মেনুতে যেতে হবে এবং “সেল ইয়োর ভেহিকেল” লিঙ্কটিতে ক্লিক করতে হবে, যেখানে গাড়ির বিস্তারিত, ছবি ও যোগাযোগ তথ্য আপলোড করলেই গাড়িটি বিক্রির জন্য প্রস্তুত হবে।

“ইতোমধ্যে প্রায় তিন লাখ গ্রাহক অ্যাপলিকেশনটি ডাউনলোড করেছে। অপেক্ষাকৃত কম স্পিডের নেট সংযোগেও অ্যাপসটি ব্যবহার করা যাবে,” বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

কারমুডির চিফ প্রডাক্ট অফিসার নাল্লা কারুনানিথি বলেন, “গাড়ি বিক্রির অভিজ্ঞতাকে সহজতর করতে আমাদের এই প্রচেষ্টা। অ্যাপলিকেশনটিতে সম্ভাব্য ক্রেতাদের খোঁজ দিয়ে বিক্রেতাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থাও উন্নত করা হয়েছে। এমনকি ব্যবহৃত গাড়ির মূল্য নির্ধারণেও সাহায্য করবে।”

এই সেবাটি বিনামূল্য এবং ইংরেজি ও বাংলাসহ আরও ৮টি ভাষায় পাওয়া যায় (আরবী, বাহাসা, ইন্দোনেশিয়ান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, সিনহালা, তামিল ও ভিয়েতনামিজ) বলে জানান করুনানিথি।