২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ-হরতালে চামড়া শিল্পের ক্ষতি ৪৫৯ কোটি টাকা

বিরোধী জোটের চলমান অবরোধ-হরতালে দেশের চামড়া শিল্পে ৪৫৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 09:42 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি শাহীন আহমেদ বলেন, “চলমান রাজনৈতিক অস্থির পরিস্থিতি ও সহিংসতার কারণে দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এজন্য চামড়া ও চামড়াজাত পণ্য আনা-নেওয়ায় মারাত্মক সংকট দেখা দিয়েছে।

“রপ্তানির জন্য প্রস্তুতকৃত চামড়া ও চামড়াজাত পণ্য চট্টগ্রাম বন্দরে পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরিবহন খরচ তিনগুন বেড়েছে। এরপরও বন্দরে পৌঁছানোর কোনো নিশ্চয়তা নেই। সব মিলে আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, হরতাল-অবরোধের কারণে সময়মত পণ্য পরিবহন করতে না পারায় ৪০ শতাংশ চামড়ার গুণগত মান নষ্ট হচ্ছে, যার জন্য গত ২৮ দিনে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আমদানিকৃত রাসায়নিক দ্রব্য বন্দরে আটকে থাকায় প্রায় ২০ কোটি টাকা মাসুল দিতে হয়েছে। সময়মত পণ্য পাঠাতে না পারায় ক্রেতারা প্রায় ৩৪ কোটি টাকা কম মূল্য পরিশোধ করেছে।

বিমানে পণ্য পাঠাতে গিয়ে অতিরিক্ত খরচ বাবদ ক্ষতি হয়েছে ৪৫ কোটি টাকা। অতিরিক্ত পরিবহন ভাড়া বাবদ ক্ষতি হয়েছে ১৫ কোটি টাকা। ব্যাংক ঋণের সুদ ও শ্রমিক-কর্মচারীদের বেতন বাবদ আরও ১১৭ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক বাজারে দর পতনের কারণে পুরো শিল্পের আরও ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান শাহীন।   

সম্মেলনে রাজনৈতিক অস্থিরতার কারণে চামড়া শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ীরা ক্রাস্ট ও ফিনিশড লেদারের ওপর ১০ শতাংশ নগদ সহায়তা দাবি করেছেন।

একই সঙ্গে চামড়া শিল্পে অর্থায়নের জন্য ৫ থেকে ৬ শতাংশ সুদে দীর্ঘ মেয়াদে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

এছাড়া সাভার শিল্প নগরীতে বিসিকের দেওয়া লে-আউট প্লানের শর্ত শিথিল করা এবং শিল্প স্থানান্তরের ক্ষতিপূরণে শিল্প মন্ত্রণালয়ের প্রতিশ্রুত অনুদানের অর্ধেক কারখানা স্থাপনের আগে এবং অর্ধেক পর ছাড় করার দাবি জানিয়েছে সংগঠনটি।

হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের জন্য শিল্প মন্ত্রণালয় ২৫০ কোটি টাকার অনুদান ঘোষণা করেছে। এই অর্থ তিন কিস্তিতে দেওয়ার কথা।

ঘোষণায় বলা হয়েছে, লে-আউট প্লান অনুযায়ী কাজ শুরুর পর ১০ শতাংশ কাজ শেষ হলে অনুদানের ১০ শতাংশ অর্থ ছাড়া করা হবে। এর পর ৪০ শতাংশ কাজ শেষ করলে দেওয়া হবে আরও ৪০ শতাংশ অর্থ। বাকী ৫০ শতাংশ অর্থ দেওয়া হবে কারখানা নির্মাণ শেষে সব যন্ত্রপাতি স্থানান্তরের পর।

শাহীন আহমেদ বলেন, “হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভারে স্থানান্তরের জন্য সরকার ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ বাবদ যে অনুদান দেবে তা এই শিল্পের জন্য অপ্রতুল।”

এছাড়া চলমান হরতাল-অবরোধে নির্মাণ কাজের মালামাল সাভার চামড়া শিল্পনগরীতে আনা নেওয়া সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তর শেষ করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

সরকার আগামী জুনের মধ্যে হাজারীবাগ থেকে সব ট্যানারি কারখানা সরিয়ে সাভার শিল্প নগরীতে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

সঠিকভাবে ইটিপি স্থাপনের কাজ এগোচ্ছে না বলে অভিযোগ করে শাহীন বলেন, “ইটিপি স্থাপনের কাজ ৪০ ভাগ শেষ হয়েছে বলে বিসিক দাবি করলেও আমরা তা মনে করি না। চলমান অবরোধ-হরতালের কারণে কারখানা নির্মাণের সামগ্রী ঠিকমত আনা নেওয়া করা যাচ্ছে না, যে কারণে সরকারের নির্ধারিত সময়ে কারখানা সাভারে স্থানান্তর সম্ভব হবে না।

“আমরা মনে করি, আগামী ডিসেম্বরের আগে কারখানা সরানোর কোনো সুযোগ হবে না।”

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোশাররফ হোসেন, কোষাধক্ষ্য এস এম আওলাদ হোসেন, সাবেক সভাপতি শামসুল হুদা ও সাবেক মহাপরিচালক সাখাওয়াৎ উল্লাহ উপস্থিত ছিলেন।