এক টাকায় দিনভর ব্রেকিং নিউজ
নতুন বছরের শুরুতে মাত্র এক টাকায় দিনভর গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য ব্রেকিং নিউজ সার্ভিস দিচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এই অফারের আওতায় সারাদিনে ব্রেকিং নিউজ নিয়ে যত এসএমএস-ই পান না কেন গ্রাহককে কেবল এক টাকাই চার্জ করা হবে। এই সংবাদ সেবা পেতে আগে এসএমএস প্রতি দুই টাকা দিতে হত।
এ সেবা পেতে গ্রামীণফোন গ্রাহকদের *৩২১# ডায়াল করে ‘ব্রেকিং নিউজ’ এর জন্য নির্ধারিত বাটন চাপতে হবে। এজন্য গ্রাহককে কোনো আলাদা ফি দিতে হবে না।
ব্রেকিং নিউজ ছাড়াও এই অফারের আওতায় বিডিনিউজ টোয়েন্টিফোর এর মর্নিং আপডেট, মিড-ডে আপডেট, ইভনিং আপডেট এবং বিজনেস আপডেট সেবা নিতে পারবেন গ্রাহকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউ মিডিয়া ও বিজনেস সার্ভিসেস এর প্রধান রাশেদ আহসান বলেন, “১ জানুয়ারি থেকে চালু হওয়া এই অফারটির মাধ্যমে গ্রাহকরা এখন থেকে অনেক কম টাকায় ব্রেকিং নিউজসহ বিভিন্ন নিউজ আপডেট সুবিধা পাবেন।”
এ অফারের আওতায় ব্রেকিং নিউজ ছাড়াও ওয়েলকাম টিউনস, খেলার অ্যালার্ট, ধর্ম সংক্রান্ত সার্ভিস এবং স্বাস্থ্য সেবার টিপস প্রতিটি দিনে মাত্র ১ টাকায় পাওয়া যাবে।
একই নম্বর- *৩২১# এ ডায়াল করে গ্রাহকরা এই সেবা নিষ্ক্রিয় করতে পারবেন। সেবাগুলো যেসব গ্রাহক ইতোমধ্যে ব্যবহার করছেন তারা স্বয়ংক্রিয়ভাবে দিন প্রতি ১ টাকা এর আওতায় চলে আসবেন (ভ্যাট প্রযোজ্য)।
পাঁচ কোটি গ্রাহক সমৃদ্ধ দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন ২০০৮ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এসএমএস নিউজ সার্ভিস চালু করে। এই সার্ভিস বিপুল জনপ্রিয়তা পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা বিভাগের একজন মুখপাত্র বলেন, “সবার আগে নির্ভুল সংবাদ পরিবেশনের পেশাগত উৎকর্ষ ধরে রেখে অনেক প্রতিযোগিতার মধ্যে সার্ভিসটি দিয়ে যাচ্ছি আমরা। এর পেছনে রয়েছে আমাদের একটি ডেডিকেটেড টিম। সব স্তরে কড়া সম্পাদকীয় নজরদারির কারণে আমরা নির্ভুল সংবাদ পরিবেশন করতে পারছি। এক টাকায় হলেও সংবাদ মূল্য অনুযায়ী আগের মতই গ্রাহকরা এসএমএস-এ খবর পাবেন।”
