২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপচেপড়া ভিড়েও গোমড়া মুখ বিক্রেতাদের

সাপ্তাহিক ছুটির দিনে লাগাতার অবরোধের বাধা উপেক্ষা করে বাণিজ্যমেলায় ভিড় জমিয়েছেন লক্ষাধিক দর্শনার্থী। তবুও হাসি নেই বিক্রেতাদের মুখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 12:52 AM

Updated : 12 Oct 2022, 03:12 PM

তারা বলছেন, বেচাকেনা নেই, লোকসান গুণতে হচ্ছে তাদের।   

মেলার ২২তম দিন অতিবাহিত হওয়ার পর শুক্রবারই সবচেয়ে বেশি লোকসমাগম ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

অন্যান্য দিন দর্শনার্থীদের উপস্থিতি অনেক কম থাকলেও শুক্রবার দুপুরের পর থেকে কাণায় কাণায় পূর্ণ হয়ে যায় মেলার অলিগলি। রাত ৯টা পর্যন্ত কোনো স্টলেই ক্রেতাদর্শনার্থীর কমতি ছিল না।

অন্যান্য বছরের মতো এবারের বিদেশি পণ্য, সালোয়ার-কামিজ, মেলামাইন-প্লাস্টিকপণ্য, গৃহাস্থালি সামগ্রীর প্রতি ক্রেতাদের বেশি আগ্রহ লক্ষ্য করা গেছে। অধিকাংশ ক্রেতাকেই দেখা গেছে ফিরতি পথে চকলেট, বিস্কুট ও অন্যান্য সুস্বাদু খাবার কিনে পথ ধরতে।

মেলার অধিকাংশ স্টলমালিক বিক্রি নিয়ে নিজেদের হতাশার কথা জানালেও নাবিস্কো, গ্লোব, বোম্বে সুইটস, গোল্ডমার্কসহ অন্যান্য শুকনো খাবারের স্টলমালিকরা ব্যস্ত সময় পার করছেন বেচাবিক্রিতে।

গোল্ডমার্কের বিপণন কর্মকর্তা সোহেল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিনই তাদের উল্লেখযোগ্য বেচাকেনা হচ্ছে। ছুটির দিনগুলোতে বিক্রি তুলনামূলক বেশি।

তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নাবিস্কো বিস্কুটের স্টলে।

প্রথা অনুযায়ী কম বেশি ছাড় দিয়েও লাভের মুখে দেখছেন না দেশীয় পোশাকপণ্য নিয়ে সাজানো স্টলগুলোর মালিকরা। যদিও প্রতিবছরের মতো এবার তুলনামূলক বেশি দর্শনার্থী এসব স্টলে ভিড় করছেন বলেই তাদের ধারণা।

ভাসাভি ফ্যাশনের বিক্রয়কর্মী সোহাগ জানান, মেলা শুরুর পর আজই তুলনামূলক বেশি ক্রেতার উপস্থিতি দেখছেন তিনি। মেলায় তারা সব ধরনের পণ্যে ২০ শতাংশ ছাড় দিচ্ছেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই লাখ টাকা বিক্রি হয়েছে তার।

তবে অন্যান্য দিন বেচাকেনা কম হওয়ায় শুক্রবার ভালো বিক্রি হলেও তা দিয়ে ক্ষতি পোষানো সম্ভব হবে না বলে দাবি করেন সোহাগ।

তৈরি ব্লেজারের স্টলগুলোতেও দেখা গেছে উল্লেখযোগ্য মূল্যছাড়।

প্রতিটি ব্লেজার ১৫শ’ থেকে ১৬শ’ টাকায় কেনার সুযোগ দিচ্ছে স্টলগুলো। এদিন ব্লেজারের স্টলগুলোতে ক্রেতাদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। যদিও বেচাকেনার নিয়ে সন্তুষ্ট নন ব্লেজার-স্যুটের পসরা সাজানো ব্যবসায়ীরা।

এলিফেন্ট রোড থেকে ব্লেজারের স্টল সাজিয়েছেন ব্যবসায়ী এমদাদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির দিনেও কর্মচারী খরচ উঠেনি। এবার অন্যান্য দিনের কথা চিন্তা করেন। জাস্ট মাঠে মারা, আর কিছু বলার নাই।”

হরতাল-অবরোধ, রাজনৈতিক অস্থিরতার কারণে মেলায় এসে বেশ লোকসান গুণতে হবে বলে নিজের হতাশার কথা জানান তিনি।

রাত্রী বুটিকসের (বঙ্গবাজার) বিক্রেতা আতিক বলেন, মেলা শুরুর পর প্রতিদিন যে বেচাকেনা হয় তা দিয়ে স্টল বুকিংয়ের খরচ পোষানো তো দূরের কথা, কর্মচারীদের বেতনও হয় না। তার দোকানে ১২ জন কর্মচারী রয়েছে।

এভাবে চলতে থাকলে মেলায় এসে কয়েক লাখ টাকা লোকসান হতে পারে বলে নিজের আশঙ্কার কথা জানান তিনি।

মেয়েদের পোশাকের স্টল নিয়ে বসা নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ী নূরনবী জানান, “বেচাকেনার নাজুক পরিস্থিতি বোঝানোর মতো নয়। এমনও দিন গেছে বিক্রি হয়েছে মাত্র সাত শত টাকা। ৬০ থেকে ৭০ হাজার টাকার বেশি কোনো দিনও বিক্রি হয়নি।”

এবছর বড় অংকের লোকসানের আশঙ্কার কথা জানিয়ে নূরনবী বলেন, গত বছর রাজনৈতিক অস্থিরতার মধ্যে লাখ টাকা লাভ হয়েছিল। এর আগের বছর ৩০ লাখ টাকা বিক্রি করে মাস শেষে এক লাখ টাকারও বেশি লাভ করেছিলেন তিনি।

ভিড় দেখা গেছে ক্রোকারেজ পণ্যের স্টলগুলোতেও। প্রতিটি স্টলেই ওভেনসহ অন্যান্য পণ্যে বড় ধরনের (একটি কিনলে ১০টি ফ্রি) ছাড় দেওয়া হচ্ছে।

তবে ক্রেতাদের উপস্থিতি কম থাকার কারণে মূল্যছাড় দিয়েও লাভের মুখ দেখছেন না বলে জানান অনেক স্টল মালিক।

ঢাকার নিউমার্কেট থেকে এসে স্টল বুকিং নেওয়া শামীম জানান, চীন ও তুরস্ক থেকে গৃহস্থালি পণ্য আমদানি করেন তিনি। মেলায় বড় ধরনের ছাড় দিয়েও ক্রেতাদের সাড়া পাওয়া যাচ্ছে না।

জেএম ফ্যাশন্সের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, লাভ করার পরিকল্পনা নিয়ে স্টল না দিলেও ক্রেতাদের উপস্থিতি হতাশ তারা। নিজের প্রতিষ্ঠানের প্রচারের উদ্দেশ্যেই মেলায় স্টল সাজিয়েছেন বলে জানান শহীদুল।

শুক্রবার মেলাফেরৎ ক্রেতাদের হাতে প্লাস্টিক পণ্য, মেলামাইন সামগ্রী, পোশাক-পরিচ্ছেদ ও শুকনো খাবারই বেশি লক্ষ্য করা গেছে।

মোহাম্মদপুর থেকে স্বপরিবারে মেলায় বেড়াতে আসা খাইরুল বাশার জানান, বাসার নিত্য প্রয়োজনীয় কিছু প্লাস্টিক পণ্য ও নিজের দুই বছর বয়সী ছেলের জন্য জামা-কাপড় কিনেছেন তিনি।

মেলার সার্বিক পরিবেশে নিজের সন্তুষ্টির কথাও জানান খাইরুল।

পরিবারের সাত সদস্যকে নিয়ে আসা পঞ্চাশোর্ধ আব্দুল মালেক জানান, বাসার নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনেছেন তিনি।  

মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শেরে বাংলা নগর থানার এসআই মো. জহিরুল ইসলাম। বাণিজ্য মেলা উপলক্ষে গঠিত থানার ওসি তিনি।

জহিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একশ’ সিসি ক্যামেরা স্থাপন ও বিপুল সংখ্যক এসবি, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক বিচরণের মাধ্যমে মেলার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া পাঁচটি ওয়াচ টাওয়ারের মাধ্যমেও করা হচ্ছে পর্যবেক্ষণ।

শুক্রবার ছুটির দিনে অবরোধ উপেক্ষা করে মেলায় সবচেয়ে বেশি জনসমাগম ঘটেছে জানিয়ে তিনি বলেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার রয়েছে।