২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি পেতে আরও অগ্রগতি লাগবে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা ফিরে পেতে শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশকে আরো অগ্রগতি অর্জন করতে হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর থেকে বলা হয়েছে।

রয়টার্স

/

রয়টার্স

Published : 17 Jan 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

এ বিষয়ে পর্যালোচনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুক্রবার এ বক্তব্য আসে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক এক প্রতিবেদনে বলা হয়েছে।

পর্যালোচনায় বাংলাদেশে কারখানার কর্মপরিবেশ এবং শ্রমিক অধিকার রক্ষায় অগ্রগতির কথা বলা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের পর্যালোচনায় গতবছর বাংলাদেশের দুই হাজারেরও বেশি পোশাক কারখানার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের বিষয়টি উঠে এসেছে। এরপরেও এখনও অনেক কারখানা পরিদর্শনের বাইরে রয়েছে।

“শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে প্রচেষ্টা জোরদার এবং শ্রমিক অধিকার কর্মীদের নির্যাতন ও তাদের প্রতি সহিংসতার খবরের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতেও আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি,” বলেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান।

২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু এবং তার কিছুদিন আগে তাজরিন ফ্যাশনস নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বছরের মাঝামাঝিতে বাংলাদেশের জন্য ‘জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস’-জিএসপি সুবিধা স্থগিত করে তারা।

তখন ওয়াশিংটন জানায়, কারখানাগুলোর কর্ম পরিবেশের উন্নতি এবং শ্রমিকদের সংগঠন করার সুযোগসহ ১৬টি শর্ত পূরণ হলে তবেই এ সুবিধা ফেরত দেয়া হবে।

এরপর থেকে সরকারও পোশাকখাতের নিরাপত্তা, শ্রমিক অধিকার সুরক্ষা ও তাদের জীবনমানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়। কারখানাগুলোর উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে সেখানে চালানো হয় যৌথ পরিদর্শন।

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধায় বাংলাদেশ যে পণ্য বিক্রি করত, তা দেশের ৫০০ কোটি ডলারের রপ্তানির ১ শতাংশের মতো। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক এই সুবিধা পায় না।