ফেনীতে সীমান্ত হাট উদ্বোধন
ফেনীর ছাগলনাইয়া ও ত্রিপুরার শ্রীনগরের মধ্যে সীমান্ত হাট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়ার মোকামিয়ার শুয়াশাহ ফকির মাজার ও ভারতের ত্রিপুরার শ্রীনগর এলাকায় এ হাটের উদ্বোধন করেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।
উদ্বোধন শেষে ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানান, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বসবাসরত দুদেশের জনগণের স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে ‘সীমান্ত হাট’ সপ্তাহের প্রতি মঙ্গলবার বসবে।
এতে একজন ক্রেতা বিনাশুল্কে সবোর্চ্চ একশ ডলারের পণ্য কেনা-কাটা করতে পারবে।
উভয় দেশের ২৫টি করে ৫০টি দোকানে ক্রেতা-বিক্রেতারা নির্ধারিত দিনে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেচা-কেনা করতে পারবেন। দুদেশের সীমান্তের ৩ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের মাঝে দোকানগুলোর বরাদ্ধ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে মানিক সরকার বলেন, বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করার জন্য একটি পক্ষ আন্দোলনের নামে দেশকে অশান্ত করার চেষ্টা করছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি, তা অচিরেই স্বাভাবিক হয়ে যাবে এবং আগামীতে আরও সুন্দরভাবে দেশ পরিচালনা করবে সরকার।’
তিনি বলেন, অবরোধ বা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও কখনও রাজনৈতিক তৎপরতা হতে পারে না। এটা সন্ত্রাসী বা জঙ্গী তৎপরতা।
জনগণের স্বার্থে এ সকল তৎপরতা সরকার কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি।
ভারতের বাণিজ্য সচিব লোকরঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও ছিলেন ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নির্মলা শিতারমন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল ফজলে কবীর, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পংকজ শরণ, জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান প্রমুখ।
ইত্যেমধ্যে কুড়িগ্রামের বালিয়ামারী ও ভারতের বালাট সীমান্তে এবং বাংলাদেশের ডোলরা ও ভারতের মেঘালয় সীমান্তে দুটি হাট চালু রয়েছে।
