বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
ব্যবসায়ীদের সঙ্গে শুল্ক কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনগুলো বন্দর ও শুল্ক বিভাগের কাজকর্ম বন্ধ করে দেওয়ায় বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুই বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় পচনশীল পণ্যসহ অন্যান্য পণ্য নিয়ে দুপাড়ে আটকা পড়েছে কয়েকশ’ ট্রাক।
পেট্রাপোল বন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল এলসি স্টেশনের সহকারী কমিশনার সুশীলকান্ত কুমার রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ঠ ব্যবসায়ীদের সঙ্গে সব সময় অসৌজন্যমূলক আচরণ করেন।
তার এই অহেতুক হয়রানির বিষয়টি নিয়ে বারবার বলার পরও কোনো প্রতিকার না পেয়ে কাজকর্ম বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা।
এ ব্যাপারে প্রতিকার না পাওয়া পর্যন্ত আমদানি-রপ্তানিসহ বন্দর ও শুল্ক বিভাগের সব কাজকর্ম বন্ধ রাখা হবে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ভারতের পেট্রাপোল বন্দরের শুল্ক কর্মকর্তাদের সঙ্গে সেদেশের ব্যবসায়ীদের বিরোধে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ রয়েছে। বিষয়টি মীমাংসা হলেই আমদানি-রপ্তানি চালু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে কয়েকশ’ পণ্য বোঝাই ট্রাক, যার অধিকাংশেই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপাড়ে ফেরত যেতে কোনো বাধা নেই বলে জানান তিনি।
