২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে অচল বাজার

টানা অবরোধে রংপুরে ধান, চাল ও সবজির বাজারে বিরূপ প্রভাব পড়েছে।

রংপুর প্রতিনিধি

শাহজাদা মিয়া আজাদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 04:06 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

আড়তদাররা বাইরের জেলাগুলোয় চাল পাঠাতে পারছেন না। চাল বিক্রি না হওয়ায় ধান কিনছেন না চাতাল ব্যবসায়ীরা।

ক্রেতা না থাকায় চালের দাম বস্তা প্রতি ২০০-৩০০ টাকা এবং ধানের দাম মণ প্রতি ১০০-২০০ টাকা কমে গেছে।

এছাড়া বিপুল পরিমাণ সবজি নিয়ে বিপাকে পড়েছেন রংপুরের কৃষকরা।

গত মঙ্গলবার থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে সারাদেশে অবরোধ চলেছে। এ কারণে সারাদেশের দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রংপুরে চালের সবচেয়ে বড় পাইকারি বাজার মাহিগঞ্জ। এখানে রয়েছে দুটি অটোচালকলসহ ৯০টি চালকল।

এই বাজার থেকে প্রতিদিন ১০০-১৫০ ট্রাক চাল দেশের বিভিন্ন জেলায় যায়, যা টানা অরোধের কারণে তা বন্ধ হয়ে গেছে।

মাহিগঞ্জের চাল ব্যবসায়ী আবুবক্কর সিদ্দিক সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সপ্তাহ আগে ৮৪ কেজি ওজনের প্রতি বস্তা মোটা চাল ২ হাজার ২০০ টাকা এবং চিকন চাল ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হতো। ক্রেতা না থাকায় এখন মোটা চাল ২ হাজার এবং চিকন চাল ২ হাজার ২০০ টাকায়ও বিক্রি হচ্ছে না। চাল বিক্রি করতে না পারায় ধান কেনাও বন্ধ রয়েছে।

একই এলাকার চালকল মালিক আবুল কাশেম বলেন, ক্রেতা না থাকায় ৮৫০ টাকা মণের মোটা ধান এখন ৭০০-৬৫০ টাকায় নেমে এসেছে। চিকন ধানের দামও কমেছে মণপ্রতি ২০০ টাকা।

চালের ক্রেতা না থাকায় চাতালে ধান সিদ্ধ-শুকনার কাজও বন্ধ। ফলে চাতাল শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।

রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ গ্রামের কৃষক আব্দুল আউয়াল বলেন, “এ্যালা আলু আর বোরো আবাদের ভরা মৌসুম। ধানের দাম কমি গেইচে। কম দামেও ধান ব্যাচপার না পায়া সার, ডিজেল ও বীজ কিনব্যার পারতুচি না।”

এদিকে রংপুরের সবচেয়ে বেশি সবজি উৎপন্ন হয় মিঠাপুকুর উপজেলায়।

এখান থেকে প্রতিদিন ২০-২৫ ট্রাক আলু, বেগুন, পটল, করলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা, পেঁয়াজ পাতাসহ বিভিন্ন শাক-সবজি রাজধানীসহ দেশের অন্য জেলায় যায়।

অবরোধের কারণে পাইকারি ক্রেতা না আসায় প্রতিটি সবজির দাম কেজি প্রতি ৫-১০ টাকা কমে গেছে। 

উপজেলার বলদিপুকুর গ্রামের কৃষক মমিনুল ইসলাম বলেন,  ১০-১৫ টাকা কেজির আলু ৮-৯ টাকা, ২০ টাকার বেগুন ৮, ৩০ টাকার সীম ১৫, ৩০ টাকার পটল ১৫, ৮০ টাকা কেজির ধনেপাতা ৪৫ ও ৫ টাকার মুলা ২ টাকায় বিক্রি করতে হচ্ছে।

“হাট-বাজারোত সেটাও কিনার লোক নাই,” বলেন তিনি।

বলদিপুকুর বাজারের সবজির আড়তদার আব্দুল লতিফ বলেন, “বাইরের জেলা থেকে পাইকারি ক্রেতারা না আসায় সবজির দাম অর্ধেক কমে গেছে। আমার আড়তে ৩-৪ ট্রাক কাঁচা সবজি মজুদ রয়েছে। সেগুলোতে পচন ধরেছে।”

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জুলফিকার হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে বোরো ও আলু চাষের ভরা মৌসুম। এ সময় ধান বিক্রি করতে না পেরে কৃষকরা আবাদের খরচ করতে পারছে না। এ অবস্থা অব্যাহত থাকলে আলু ও বোরো আবাদ ব্যাহত হবে।”

সবজির বাজারের বিষয়ে তিনি বলেন, কাঁচা সবজি পচনশীল। রংপুরে সবজি সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। অবরোধের কারণে বাইরের জেলায় রপ্তানিও হচ্ছে না। ফলে সবজির বাজর যেমন পড়ে গেছে, তেমনি ক্ষেতেই নষ্ট হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, অবরোধের কারণে কৃষিপণ্যের বাজার কমে যাওয়ায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।