২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একীভূত হচ্ছে এখানেই ডটকম-ওএলএক্স

একীভূত হতে চলেছে অনলাইনে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন সেবাদাতা দুই প্রতিষ্ঠান এখানেই ডটকম এবং ওএলএক্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 01:03 AM

Updated : 25 Apr 2022, 12:53 PM

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্রতিষ্ঠান ‘এখানেই.কম’ নামেই কাজ চালিয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনভিত্তিক শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের সেবা আরও বিস্তৃত করতে ন্যাসপার্স লিমিটেড, শিবস্টেড মিডিয়া গ্রুপ এবং টেলিনর গ্রুপ একসাথে কাজ করতে যাচ্ছে। ক্রমবর্ধমান বেশ কয়েকটি বাজারে বৃহত্তর অংশীদারভিত্তিক চুক্তির অংশ এটি। 

বাংলাদেশে এখানেই ডটকমের মূল প্রতিষ্ঠান এসএনটির (শিবস্টেড এবং টেলিনরের সমান অংশীদারভিত্তিক) কাছে মালিকানা থাকছে ৫০ দশমিক ৩ শতাংশ এবং ওএলএক্সের মূল প্রতিষ্ঠান ন্যাসপার্সের কাছে থাকবে ৪৯ দশমিক ৭ শতাংশ।

এসএনটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরিল ক্লোক্কেরহৌগ বলেন, “বাংলাদেশে ওএলক্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। সব ক্রেতা ও বিক্রেতাকে একটি মাত্র গন্তব্যে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উৎসাহ বোধ করছি এবং এর মাধ্যমে বাংলাদেশের মানুষ আগের চেয়ে আরও দ্রুত সহজে এবং বড় পরিসরে বেচাকেনা করতে পারবে।”

ওএলএক্স দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকতা অমরজিৎ সিং বাতরা বলেন, “ঐক্যবদ্ধ হয়ে আমরা দারুণ অর্জন নিশ্চিত করতে চাই। বেচাকেনায় যেন উভয় পক্ষই লাভবান হয় তার জন্য আমরা ক্রেতা-বিক্রেতাকে সহযোগিতা করতে প্রতিজ্ঞ।”