২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন কারখানায় শিল্পমন্ত্রী

দেশীয় শিল্প বিকাশে সরকারের সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 12:56 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

শনিবার গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যে নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্টনের কারখানা পরিদর্শন করার সময় তিনি বলেন, “মোবাইল ফোন, মোটরগাড়ি থেকে শুরু করে সম্ভাব্য অন্যান্য শিল্পে উদ্যোক্তারা এগিয়ে আসলে নীতিগত সব বাধা পর্যায়ক্রমে দূর করা হবে।”

শিল্পমন্ত্রী বলেন, ওয়ালটনের কর্মকাণ্ড প্রমাণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারা যন্ত্রাংশ থেকে শুরু করে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের সবকিছুই উৎপাদন করছে। ‘বেসিক ইন্ডাস্ট্রি’ গড়ে তুলেছে ওয়ালটন। এই ধারা অব্যাহত থাকলে দেশ এগিয়ে যাবেই।”

তিনি ওয়ালটনের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, মোটর সাইকেল ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফ্রিজের বিপণন কার্যক্রম উদ্বোধন করেন।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম বলেন, “ধীরে ধীরে বিশ্ববাজারে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে ওয়ালটন। শিল্পমন্ত্রীর এ পরিদর্শন ওয়ালটনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্র্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম, পরিচালক এসএম রেজাউল আলম, ওয়ালটন মাইক্রোটেকের এডমিন ও এইচআর প্রধান শাহাদাত আলম, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর আব্দুল কাদের, অতিরিক্ত পরিচালক আলমগীর আলম সরকার প্রমুখ।