চট্টগ্রাম বন্দরে ভিড়বে ‘আরো একটু’ বড় জাহাজ
চ্যানেলের গভীরতা বাড়ায় ১৭ বছর পর ‘কিছুটা বড় আকারের জাহাজ’ চলাচলের সুযোগ তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরকে লয়েডস রেজিস্ট্রারের দেওয়া সনদ হস্তান্তর ও বন্দর উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় অনুষ্ঠানে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ১৯৭১ সালে বন্দর চ্যানেলে আট মিটার ড্রাফট (জাহাজের পানিতে নিমজ্জিত অংশের গভীরতা) ও ১৬০ মিটার দৈর্ঘ্যের জাহাজ চলতে পারত। নাব্য সঙ্কটে ১৯৯৭ সালে তা নয় দশমিক এক মিটার ড্রাফট ও ১৮৬ মিটার দৈর্ঘ্যে এসে দাঁড়ায়।
“১৭ বছর পর আগামীকাল থেকে নয় দশমিক পাঁচ মিটার ড্রাফট আর ১৯০ মিটার দৈর্ঘ্যের জাহাজ বন্দর চ্যানেলে প্রবেশ করতে পারবে।”
নিজামউদ্দিন বলেন, তুলনামূলক বড় আকারের জাহাজ বন্দর চ্যানেলে ঢোকার সুযোগ পাবে বলে বছরে ২০ লাখ টন অতিরিক্ত পণ্য পরিবহন সম্ভব হবে, যাতে সাশ্রয় হবে দুইশ কোটি টাকা।
“প্রতিটি জাহাজ অতিরিক্ত ১১০টি কন্টেইনার পরিবহন করতে পারবে। তরল ও তেল বহনকারী জাহাজ অতিরিক্ত দুই থেকে আড়াই হাজার লিটার তরল পণ্য পরিবহন করতে পারবে।”
বঙ্গোপসাগরের মোহনা থেকে কর্ণফুলী নদী হয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের নির্ধারিত পথই বন্দর চ্যানেল নামে পরিচিত। কতো ড্রাফটের জাহাজ বন্দরে আসতে পারবে তা নির্ভর করে ওই চ্যানেলেও গভীরতার ওপরে।
চ্যানেলের গভীরতা কম হলে বেশি ড্রাফটের জাহাজ আসতে পারে না। এ কারণে বড় মাপের জাহাজ বন্দরে না ঢুকে পণ্য ওঠানামার জন্য অবস্থান করে বহির্নোঙ্গরে। সেখান থেকে লাইটার জাহাজে (ছোট আকারের) করে আমদানি পণ্য বন্দরের জেটিতে আনা হয়। একই প্রক্রিয়ায় জাহাজে তোলা হয় রপ্তানি পণ্যও।
এতে পণ্য তোলা ও নামাতে বেশি সময় লাগে এবং লাইটার জাহাজ ব্যবহারের কারণে খরচ বেড়ে যায়।
বন্দর চেয়ারম্যান জানান, গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে বন্দরে জাহাজের অপেক্ষার সময় ও জাহাজের গড় অবস্থানকাল কমেছে। সেই সঙ্গে কমেছে পণ্য পরিবহনের খরচও।
তিনি বলেন, লয়েডস এর জরিপে চট্টগ্রাম বন্দর ২০০৯ সালে ছিল বিশ্বে ৯৮তম অবস্থানে। ২০১৩ সালে তা এগিয়ে ৯০তম এবং এ বছর আরো চার ধাপ এগিয়ে ৮৬তম অবস্থানে এসেছে।
লয়েড’স রেজিস্ট্রার এর পক্ষে বন্দর চেয়ারম্যানের কাছে সনদ হস্তান্তর করেন যুক্তরাজ্যভিত্তিক এ সংস্থার মনোনীত প্রতিনিধি ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ছিলেন বিশেষ অতিথি।
বন্দর পরিচালনা পর্ষদের সদস্য কমডোর এম শাহজাহান অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
