পরিচালন মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের
বিদায়ী বছরে বেশির ভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে।
বছরজুড়ে রাজনৈতিক স্থিতিশীলতার ইতিবাচক প্রভাব ব্যাংকগুলোর মুনাফাতেও পড়েছে বলে মনে করছেন ব্যাংকাররা।
পুঁজিবাজারে তালিকাভূক্ত ৩১টি ব্যাংকের মধ্যে বুধবার বছরের শেষ দিনে ১৬টির পরিচালনা মুনাফার তথ্য পাওয়া গেছে। তারমধ্যে ১২টির মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে। চারটির কমেছে।
ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি এক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে সামগ্রিকভাবে দেশে ব্যবসা-বাণিজ্য ভালো ছিলো। তার প্রভাব মুনাফায় পড়েছে।”
ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ের একাধিক সূত্র পরিচালন মুনাফার এই তথ্য নিশ্চিত করেছে।
(পরিচালন মুনাফার হিসাব কোটি টাকায়)
ব্যাংকের নাম | বছর-২০১৪ | বছর-২০১৩ |
রূপালী | ৩০০ | ২০৫ |
পূবালী | ৭৬৭ | ৮১৫ |
আল আরাফাহ ইসলামী ব্যাংক | ৬৪৫ | ৪৫৭ |
ইসলামী ব্যাংক | ১৭২৫ | ১৫৯৮ |
এনসিসি ব্যাংক | ৩৮৬ | ৪০৫ |
প্রাইম ব্যাংক | ৭১০ | ৮৫০ |
এক্সিম ব্যাংক | ৬২৫ | ৫২০ |
শাহজালাল ইসলামী ব্যাংক | ২৫০ | ২৬৯ |
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | ২২১ | ২০০ |
সাউথ ইষ্ট ব্যাংক | ৮৩২ | ৬৮০ |
ইউসিবিএল | ৮৮৫ | ৭১০ |
প্রিমিয়ার ব্যাংক | ২৫০ | ১৫২ |
এবি ব্যাংক | ৮৯০ | -- |
মার্কিন্টাইল ব্যাংক | ৪৫০ | ৫৩০ |
সিটি ব্যাংক | ৫২০ | ৪১৪ |
এসআইবিএল | ৪১০ | ৩২০ |
বিডিবিএল | ১৭৫ | ১৩১ |
নিরীক্ষার আগে পরিচালনা মুনাফা জানানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকায় কোন ব্যাংক কত টাকা মুনাফা করেছে- তা জানাতে রাজি হননি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা।
আমদানি-রপ্তানি কার্যক্রমে এলসি ওপেনিং, এলসি এমেন্ডমেন্ট, এলসি কনফারমেশন, এলসি ক্যান্সেল, ফরেন কারেন্সি ড্রাফট, এক্সপোর্ট বিল নেগোসিয়েশন কমিশন এবং রেমিটেন্স (ইনওয়ার্ড ও আউটওয়ার্ড) থেকে কমিশন ব্যাংকের মুনাফার একটি বড় উৎস।
কোন কোন ব্যাংক বুধবার পর্যন্ত বছরের হিসাব শেষ করতে পারেনি। দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালীর পরিচালন মুনাফার হিসাব শেষ করতে বৃহস্পতিারও লেগে যেতে পারে।
রূপালী ব্যাংক ছাড়া অন্য সরকারি ব্যাংকগুলোর একই অবস্থা।
৩১ ডিসেম্বর ব্যাংকগুলো লেনদেন বন্ধ করে সারা বছরের লাভ-লোকসানের হিসেব মেলাতে বসে। প্রতিটি ব্যাংক তাদের সবগুলো শাখার ব্যালান্স শিট এক জায়গায় করে একটি হিসাব বিবরণী তৈরি করে।
ব্যাংকের সারা বছরের আয় থেকে ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা হিসাব করা হয়। যেসব ব্যাংকের শাখা বেশি সেসব ব্যাংক অনেক রাত পর্যন্ত হিসাব নিকাশে ব্যস্ত ছিলো।
পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। পরিচালনগত মুনাফা থেকে খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) এবং সরকারকে দেয়া কর বাদ দিয়ে নিট মুনাফা হিসাব করা হয়।
মোট পরিচালন মুনাফার ৪২ দশমিক ৫০ শতাংশ কর দিতে হয় ব্যাংকগুলোকে।
