২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগে ‘সাফল্যের’ বছর

এক সময় যা ছিল স্বপ্ন, সেই মোবাইল ফোন এখন দেশের প্রায় ১২ কোটি মানুষের হাতে। পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী, দেশের মোট ১৬ কোটি জনসংখ্যার প্রায় তিন চতুর্থাংশ পরিমান মোবাইল সিম রয়েছে।

শামীম আহমেদ

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 04:35 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মধ্যে দুটি ছাড়া সবগুলোই গ্রাহকসংখ্যা বাড়ানোর ক্ষেত্রে নতুন মাইল ফলকে পৌঁছেছে ২০১৪ সালে।

১৯৮৯ সালে সিটিসেলের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাতে তারবিহিনমোবাইল ফোন পৌঁছায়। এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত নভেম্বর পযন্ত মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ২৩ হাজার।

২০১৩ সালের নভেম্বরে দেশে ইন্টারনেটের গ্রাহক যেখানে ছিল তিন কোটি ৫৮ লাখ, গত এক বছরে তা ৪ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ৪ কোটি ১৫ লাখ গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে এ সেবা নিয়ে থাকে।

এ বছরই আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) নির্বাচনে বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালকের দায়িত্বও এখন বাংলাদেশের।

আইটিইউ এর কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অরবিট স্লট পাওয়া এবং দেশের টেলিকম খাতে আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে  বাংলাদেশ এখন গুরত্বপূর্ণ প্রভাব ফেলার সুযোগ পাবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপদেশ ও নির্দেশনায় আগামী ৪ বছরে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ রোল মডেলে পরিণত হবে বলে আশা করছি।”

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, “২০১৪ সালে স্মার্টফোনের ব্যপকতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার বেড়েছে। ই-কমার্সেও জোয়ার এসেছে বলা যায়। বাস ও ট্রেনের টিকেট থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট লাইনে ই-কমার্স এসেছে যা চোখে পড়ার মতো।”

এই সাফল্যকে আরো এগিয়ে নিতে সরকারের বিভিন্ন সেবার সঙ্গে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির যোগাযোগ ঘটানোর ওপর জোর দেন তিনি।

বছর জুড়ে নতুন নতুন সেবা আর বৈচিত্রময় নানা অফার নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়েছে অপাটেররা। সারাদেশে থ্রিজি সেবা ছড়িয়ে দেওয়ায় গ্রাহকও বেড়েছে হুহু করে। গ্রাহকরাও প্রতিযোগিতামূলক মূল্যে বেছে নিয়েছেন তাদের পছন্দসই সেবা।  

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের  (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ১২ কোটি সিম বিক্রি হলেওিএর ৫০ শতাংশ গ্রাহক হিসাবে ধরা যেতে পারে। তারপরও এ সংখ্যা সন্তোষজনক।তবে গ্রাহক সংখ্যা বৃদ্ধির বড় মার্কেট বাংলাদেশে রয়েছে।”

গ্রাহকসংখ্যার দিক দিয়ে বর্তমানের দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন। প্রতিষ্ঠার ১৭ বছরের মাথায় গত অক্টোবরে দেশের প্রথম অপারেটর হিসাবে প্রতিষ্ঠানটি পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করে।

গ্রামীণ ফোনের এই গ্রাহক সংখ্যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর প্রায় ৪২ শতাংশ।

বিটিআরসির হিসাবে গত নভেম্বর পযন্ত এ অপারেটরের গ্রাহক ৫ কোটি ১১ লাখের বেশি। ২০১৩ সালের একই মাসে এর গ্রাহক ছিল ৪ কোটি ৬৮ লাখ।

আগামী পাঁচ বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও ৫ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এ গ্রামীণ ফোনের।  

‘সবার জন্য ইন্টারনেট’ কর্মসূচির আওতায় গ্রামীণফোন প্রথম অপারেটর হিসেবে দেশের ৬৪ জেলায় থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে।

২০০৫ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা বাংলালিংকের গ্রাহকসংখ্যা গত সেপ্টেম্বরে তিন কোটির মাইলফলক ছুঁয়ে যায়। বিটিআরসির হিসাবে ২০১৩ সালের নভেম্বরে এ অপারেটরের গ্রাহক ছিল ২ কোটি ৮৬ লাখ।

আরেক অপারেটর রবির গ্রাহক সংখ্যাও আড়াই কোটি অতিক্রম করেছে।

দেশের একমাত্র রাষ্ট্রয়াত্ব অপারেটর টেলিটক প্রথম থ্রিজি সেবা চালু করলেও গ্রাহক সংখ্যার দিক থেকে প্রতিষ্ঠানটির সাফল্য তুলনামূলকভাবে কম।

অন্যদিকে সিডিএমএ প্রযুক্তি নির্ভর দেশের একমাত্র মোবাইল ফোন অপারেটর সিটিসেলের ক্রমাগত পিছিয়ে পড়ার ধারা অব্যহত রয়েছে। গ্রাহক কমেছে এয়ারটেলেরও।

বিটিআরসির তথ্য বলছে, ২০১৩ সালের নভেম্বর পযন্ত টেলিটকের গ্রাহক সংখ্যা ছিল ২৬ লাখ, এ বছরের  নভেম্বরে যা ৩৮ লাখ হয়।

গতবছরের নভেম্বর থেকে এ বছরের একই সময়ের মধ্যে ৫৬ হাজার গ্রাহক হারিয়েছে সিটিসেল।

২০১৩ সালের নভেম্বর এই অপারেটরের গ্রাহক ছিল ১৩ লাখ ৬২ হাজার, এ বছর নভেম্বরে তা দাঁড়ায় ১৩ লাখ ৬ হাজারে।

তবে এক বছরে সবচেয়ে বেশি গ্রাহক হারিয়েছে এয়ারটেল। বিটিআরসির হিসাবে, ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের নভেম্বর পযন্ত এ অপারেটরের গ্রাহক কমেছে ৮ লাখের বেশি।

বর্তমানে এর গ্রাহক সংখ্যা ৭৪ লাখ ৬৮ হাজার, যা ২০১৩ নভেম্বরে ছিল ৮৩ লাখ ১৭ হাজার।