২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংকের গুগল অ্যানড্রয়েড ওয়ান স্মার্টফোন   

সিম্ফনির উদ্যোগে এবং গুগলের সহযোগিতায় মোবাইল ফোন অপারেটর বাংলালিংক বাজারে আনছে স্মার্টফোন ‘গুগল অ্যানড্রয়েড ওয়ান’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 04:56 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বাংলালিংকের প্রধান কার্যালয়ে রোববার নতুন এই হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন  হয়।

অনুষ্ঠানে জানানো হয়, গুগল অ্যানড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের ‘সিম্ফনি রোর এ ৫০’হ্যান্ডসেটটির জন্য বাংলালিংক বুকিং নেবে ২৯শে ডিসেম্বর থেকে।

দাম পড়বে ৮ হাজার ৭শ’ টাকা। সঙ্গে পাওয়া যাবে ৮ গিগাবাইটের একটি মেমোরি কার্ড ‘ফ্রি’।

বুকিংয়ের জন্য আগ্রহী গ্রাহকদের www.banglalink.com.bd/androidone এ ভিজিট করতে হবে। হ্যান্ডসেট তারা হাতে পাবেন নতুন বছরের মধ্য জানুয়ারিতে।

নতুন এই হ্যান্ডসেটের সঙ্গে আকর্ষণীয় ডেটা অফার করছে বাংলালিংক।

এই সেট কিনলে প্রথম মাসে ১ গিগাবাইট ডেটা ফ্রি এবং পরের পাঁচ মাসের জন্য প্রতি মাসে ৩০০ মেগাবাইট ফ্রি ডেটা পাওয়া যাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড ও অপারেটিং সিস্টেম আপগ্রেডের জন্য।

বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম অনুষ্ঠানে বলেন, “আমাদের নতুন এই অফার গ্রাহকদের জন্য আকর্ষণীয় হবে এবং তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।”

সিম্ফনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, “গ্রাহকদের নিত্যনতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। বাংলালিংক এবং গুগল আন্ড্রয়েডের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সন্তষ্টি অর্জনে আমরা আশাবাদী।”