আখাউড়ায় আমদানি-রপ্তানি শুরু
ট্রাক মালিক-শ্রমিক সমিতি ও ব্যবসায়ীদের দ্বন্দ্বে বন্ধ থাকার তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, প্রশাসনের সঙ্গে ট্রাক মালিক-শ্রমিক সমিতি ও ব্যবসায়ীদের বৈঠকে সমঝোতা হওয়ায় বুধবার বেলা ২টা থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
স্থলবন্দর দিয়ে ১০ চাকার ট্রাকে করে পাথর পরিবহন নিয়ে জেলা ট্রাক-মালিক সমিতির সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্বে রোববার থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ঘটনায় বুধবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব বন্দরের ব্যবসায়ী ও ট্রাক-মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।
আহসান হাবীব বলেন, বৈঠকে পরবর্তী সিদ্বান্ত না হওয়া পর্যন্ত ১০ চাকার ট্রাকে করে পাথর পরিবহন বন্ধ থাকবে বলে ব্যবসায়ী ও ট্রাক মালিক-শ্রমিক সমিতি রাজি হয়েছে। এছাড়া রোববার পণ্য নিয়ে এসে আটকে পড়া ট্রাকগুলোকে মাথাপিছু আড়াই হাজার টাকা ক্ষতিপূরণ দিতে ব্যবসায়ী নেতারা রাজি হওয়ায় আমদানি- রপ্তানি শুরু হয়েছে।
