সাফল্য ধরে এগিয়ে যেতে চায় রিজেন্ট এয়ারওয়েজ
এভিয়েশন খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে চায় বেসরকারি বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ।
বাংলাদেশি প্রতিষ্ঠানটির চতুর্থ বর্ষপূর্তিতে সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সেখানকার ট্রাভেল পার্টনারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিজেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুফ হাবিব এ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ থেকে ব্যাংককে ফ্লাইট চালুর পর সেখানকার ট্রাভেল পার্টনারদের সঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাসরুফ হাবিব বলেন, বিদেশি বিমান সংস্থাগুলোর সঙ্গে কঠিন প্রতিযোগিতা আর নানা প্রতিকূলতা সত্ত্বেও ব্যাংককসহ আন্তর্জাতিক পাঁচটি রুটে বিমান পরিচালনা অব্যাহত রেখেছে রিজেন্ট এয়ারওয়েজ।
তিনি বলেন, “ধীরে ধীরে বাংলাদেশের এভিয়েশন খাত এগিয়ে যাচ্ছে। আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সেবার মান ধরে রেখে কাজ করে এগিয়ে যাচ্ছি।”
২০-২৫ জন যাত্রী হলেও রিজেন্ট এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে কখনও ফ্লাইট বাতিল করেনি দাবি করে মাসরুফ বলেন, “আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
ভৌগলিক ও জনসংখ্যার ঘনত্বের দিক বিবেচনায় বাংলাদেশে বিমান পরিবহন ব্যবসার এভিয়েশন ব্যবসার সম্ভাবনার দিকটি মাথায় রেখে রিজেন্ট এয়ারওয়েজের নতুন বিনিয়োগ পরিকল্পনাও জানান তিনি।
রিজেন্ট এমডি বলেন, বাংলাদেশের মানুষের উপার্জন বেড়েছে বলে বিমানে যাতায়াতকারীর সংখ্যাও বাড়ছে। আগে যেখানে চট্টগ্রাম-ব্যাংকক রুটে সপ্তাহে দুটি বিমান চলাচল করত সেখানে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে তিনটি ফ্লাইট চালাতে হচ্ছে।
তবে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রেও সাবধানী হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দ্রুত বেশি বিনিয়োগ এবং রুট বাড়িয়ে রিজেন্ট এয়ারওয়েজ সঙ্কটে পড়তে চায় না। বরঞ্চ ধীরে ধীরে এগোনোর পক্ষপাতি তারা।
মাসরুফ জানান, আগামী দুই বছরে আরও পাঁচটি উড়োজাহাজ রিজেন্টের বহরে যুক্ত হবে এবং নতুন রুটেও ফ্লাইট চালু হবে।
অনুষ্ঠানের শুরুতে চার বছরে রিজেন্ট এয়ারওয়েজের কার্যক্রম, ব্যবসায়িক পরিধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংস্থাটির প্রধান উপদেষ্টা স্যাম আইজ্যাক।
তিনি জানান, সর্বোত্তম সেবার মধ্য দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান পরিচালনা করছে রিজেন্ট এয়ার। আমরা এ সেবা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
এ লক্ষ্যকে সামনে রেখে রিজেন্ট এয়ারওয়েজ নতুন করে বিনিয়োগের মাধ্যমে নতুন আর্ন্তজাতিক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম চৌধুরী বলেন, বিদেশে দেশীয় পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ব্যাংকক-কলকাতায় হলিডে প্যাকেজ চালু করা হয়েছে।
এর মাধ্যমে বর্তমানে আন্তর্জাতিক রুটগুলোতে যাতায়াতের পাশাপাশি ভিসা প্রক্রিয়া, হোটেল বুকিং, চিকিৎসাসহ সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিজেন্ট এয়ারওয়েজের হেড অব সেলস ইরফান হক। এছাড়া থাইল্যান্ডে রিজেন্ট এয়ারের জিএসএ জে. ফেরদৌস সাগর, বিমানবন্দর ব্যবস্থাপক কীতিশাক জুরানকুল উপস্থিত ছিলেন।
চট্টগ্রামভিত্তিক দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ যাত্রা শুরু করে ২০১০ সালের ১০ নভেম্বর। বর্তমানে প্রতিষ্ঠানটির দুটি বোয়িং ৭৩৭-৭০০, দুটি ড্যাশ-৮ ও একটি ড্যাশ-৬ বিমান রয়েছে।
অভ্যন্তরীণ রুট ছাড়াও ঢাকা থেকে সরাসরি সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে ব্যাংকক ও কলকাতার ফ্লাইট চালু রয়েছে রিজেন্ট এয়ারের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রিজেন্টের বহরে যোগ হতে যাওয়া নতুন বিমানের মধ্যে রয়েছে ১৬৬ আসনের তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং ২৬৫ আসনের দুটো বোয়িং ৭৬৭-২০০।
এর ফলে রিজেন্টের মাসিক ফ্লাইট সংখ্যা ৭০০টিতে দাঁড়াবে বলে জানানো হয়।
