২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সফটওয়্যারে প্রথম দিনেই হোঁচট

স্বয়ংক্রিয় লেনদেনের নতুন ব্যবস্থা চালুর প্রথম দিনই বড় ধরনের ধাক্কা খেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), যদিও এ ব্যবস্থা চালুর মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার  ‘নতুন যুগে’ প্রবেশ করেছে বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 05:29 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

পুরনো ‘লট’ প্রথার বদলে নতুন এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর পর বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৭ কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে কম।

২০১৩ সালের ২০ অক্টোবরের পর ডিএসইতে এটাই সর্বনিম্ন লেনদেন।

এ বাজারের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৩ পয়েন্ট হয়েছে।

নতুন পদ্ধতি নিয়ে বিনিয়োগকারীদের ‘বিভ্রান্তি ও অতি সতর্কতাই’ এই বাজারের এই হোঁচটের কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   

ডিএসইর সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন পর নতুন একটি ব্যবস্থার প্রবর্তন হল। স্বাভাবিকভাবেই প্রথম দিনে বিনিয়োগকারীরা নিস্ক্রিয় থেকে এটা বুঝে নিতে চাইছেন।”

তবে এতে ‘হতাশ হওয়ার কিছু নেই’ মন্তব্য করে তিনি বলেন, “ধীরে ধীরে বিনিয়োগকারীরা নতুন ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন। বাজারে লেনদেনও বাড়তে শুরু করবে।”

সকালে রাজধানীর সোনরাগাঁও হোটেলে নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার উদ্বোধন করে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, এর মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজার ‘নতুন যুগে’ প্রবেশ করল।

কিন্তু নতুন ব্যবস্থায় লেনদেনের শুরুতেই কেনা-বেচায় অংশ নিতে দোটানায় পড়েন বিনিয়োগকারীরা। ফলে প্রথম তিন ঘণ্টায় ডিএসইর লেনদেন প্রায় থমকে থাকে।

প্রথম আড়াই ঘণ্টায় হাতবদল হয় মাত্র ৫৬ কোটি টাকার শেয়ার। শেষ ঘণ্টায় লেনদেন কিছুটা বাড়লেও তাতে ধাক্কা সামলানো সম্ভব হয়নি। 

এদিন হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়ায় ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

এতোদিন শেয়ার কেনাবেচা চলত নির্দিষ্ট সংখ্যার লট বা বান্ডেল ( যেমন ৫০, ১০০ বা ৫০০টি) আকারে।। নতুন ব্যবস্থা চালুর ফলে বহুদিনের পুরনো এই ‘লট’ প্রথার বিলোপ ঘটল।

ফলে যে কোনো বিনিয়োগকারী তার ইচ্ছে মতো কোম্পানির যত খুশি তত শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন।

তবে নতুন ব্যবস্থায় কোনো বিনিয়োগকারী নিজ ব্রোকারেজ হাউসের যে কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বা শাখা থেকে শেয়ার কেনাবেচা করতে পারবেন না।

প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একটি ব্রোকারেজ হাউসের শাখা ও একজন বা একটি গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভ নির্দিষ্ট থাকবে। কোনো বিনিয়োগকারীকে ওই নির্দিষ্ট ব্রোকারেজ হাউস ও নির্দিষ্ট বা গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে শেয়ার কেনা বা  বিক্রির অর্ডার দিতে হবে।

ডিএসই বলছে, এ ব্যবস্থা নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড ব্যবহারকারীদের (ব্রোকার এবং বিনিয়োগকারী) জন্য সহজ এবং নিরাপদ হবে।

ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বলেন, “নতুন এ সফটওয়্যার সংযোজনে কারণে ট্রেড ভলিউম কমে গেছে। কারণ বিনিয়োগকারীদের দামের উঠা-নামা বুঝতে অসুবিধা হচ্ছে।”

তবে সপ্তাহখানেকের মধ্যে ‘সব ঠিক হয়ে যাবে’ বলে তিনি মনে করছেন।

নতুন পদ্ধতি বুঝতে বিনিয়োগকারীদের সমস্যা হচ্ছে জানিয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্যের সভাপতি রুহুল আমিন বলেন, “নতুন এ সফটওয়্যারে নেটিং সুবিধা নেই। বিনিয়োগকারীদের আগে শেয়ার বিক্রি করতে হবে তারপর শেয়ার কিনতে হবে। এ কাজটি জটিল।

“এছাড়া লট প্রথা বাতিল করার কথা বলা হলেও প্রাইমারিতে লট প্রথা রয়েছে। বিনিয়োগকারীরা হাওলা চার্জ নিয়েও বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এসব অসুবিধার কারণে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে।”

অনেকেই যে স্বয়ংক্রিয় লেনদেন সম্পর্কে বুঝে উঠতে পারছেন না- তা উঠে এসেছে কমার্স ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এ মোতালেব চৌধুরীর কথাতেও।

“কাস্টমাররা আসছেন এবং ট্রেড কীভাবে হচ্ছে তা পর্যবেক্ষণ করছেন। আমাদের ট্রেডারদের কোনো সমস্যা নেই। কিন্তু কাস্টমাররা বুঝে উঠতে না পারায় অর্ডার দিচ্ছেন না। ট্রেড ভলিউম অনেক কমে গেছে।”

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা বলেছিলেন, “আমরা যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্বয়ংক্রিয় লেনদেন সিস্টেম চালু করতে যাচ্ছি। এজন্য বিভিন্ন ব্রোকারকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আগামী এপ্রিল থেকে মোবাইল ফোন ও আইপ্যাডের মাধ্যমেও বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন বলে জানান তিনি।

নতুন পদ্ধতি চালু করতে সব মিলিয়ে খরচ হচ্ছে ৩৫ কোটি টাকা।