ঢাকার শেয়ারবাজার নতুন যুগে: প্রতিমন্ত্রী
পুরনো ‘লট’ প্রথার বদলে স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ‘নতুন যুগে’ প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনরাগাঁও হোটেলে নতুন লেনদেন ব্যবস্থার উদ্বোধন করে তিনি বলেন, “সরকার এ কার্যক্রমকে অভিনন্দন জানাচ্ছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন, “এই সরকার শুধু ব্যবসাবান্ধবই নয়, জনবান্ধবও। দেশে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করে যাবে।”
নতুন লেনদেন ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, “প্রযুক্তির সঙ্গে ডিএসইতে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। নতুন এ ট্রেডিং সিস্টেম বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
“বিনিয়োগকারীদের সচেতন ও শিক্ষিত করে তুলতে বিআইসিএম ও দুই স্টক এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া পুঁজিবাজারের উন্নয়নে সরকারের সুদৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা দিয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা, নাসডাকের এমডি রবার্ট ফ্রিজ, ফ্লেক্সট্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জেন মাইকেল বাঙ্কো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন ব্যবস্থা চালুর ফলে শেয়ার লেনদেনে বহুদিনের পুরনো ‘লট’ প্রথা আর থাকছে না। যে কোনো বিনিয়োগকারী তার ইচ্ছে মতো কোনো কোম্পানির যত খুশি তত শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন।
এতোদিন শেয়ার কেনাবেচায় বিভিন্ন ধরনের লট (৫০, ১০০, ৫০০) ব্যবস্থা চালু ছিল, যা নতুন পদ্ধতির মাধ্যমে বিলুপ্ত হচ্ছে। নতুন পদ্ধতি চালু করতে খরচ হচ্ছে সবমিলিয়ে ৩৫ কোটি টাকা।
স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আগামী এপ্রিল থেকে মোবাইল ফোন ও আইপ্যাডের মাধ্যমেও বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন বলে জানিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক।
ডিএসই বলছে, এ ব্যবস্থা নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড ব্যবহারকারীদের (ব্রোকার এবং বিনিয়োগকারী) জন্য সহজ এবং নিরাপদ হবে। তবে নতুন ব্যবস্থায় কোনো বিনিয়োগকারী নিজ ব্রোকারেজ হাউসের যে কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বা শাখা থেকে শেয়ার কেনাবেচা করতে পারবেন না।
প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একটি ব্রোকারেজ হাউসের শাখা ও একজন বা একটি গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভ নির্দিষ্ট থাকবে। কোনো বিনিয়োগকারীকে ওই নির্দিষ্ট ব্রোকারেজ হাউস ও নির্দিষ্ট বা গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে শেয়ার কেনা বা বেচার অর্ডার দিতে হবে। এতে এক সঙ্গে অনেক কোম্পানির শেয়ারের লেনদেন ওঠানামা প্রত্যক্ষ করতে পারবেন তারা।
