শুল্ক মুক্ত চাল আমদানির প্রতিবাদ
ভারত থেকে শুল্ক মুক্ত চাল আমদানির প্রতিবাদ করেছেন শেরপুরের ব্যবসায়ীরা।
এ দাবিতে তারা বুধবার দুপুরে শহরের নয়আনী বাজার এলাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপিও দেওয়া হয়।
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এসব কর্মসূচিতে কেন্দ্রীয় চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলা চাল কল মালিক সমিতি, জেলা চাল আড়ৎ ব্যবসায়ী সমিতি, জেলা কুড়া ব্যবসায়ী সমিতি, চাল কল ও চাতাল শ্রমিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করা হয়।
এর আগে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক চাল কল ব্যবসায়ীসহ এর সঙ্গে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
পরে শেরপুর পৌর টাউন হল অডিটরিয়াম মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়াজন করা হয়।
সংবাদ সম্মেলনে চারদফা দাবি জানানো হয়।
এগুলো হলো দেশি শিল্প ও কৃষকের স্বার্থে ভারতীয় চাল আমদানির ক্ষেত্রে অবশ্যই শুল্ক ভ্যাট আরোপ করতে হবে। ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট বা সর্বোচ্চ ৯ ভাগ পুনর্নির্ধারণ করতে হবে। চাহিদা ও উৎপাদন সক্ষমতার সমন্বয় করে একটি নীতিমালার অধীনে নতুন চাল কল স্থাপন নিয়ন্ত্রণ করতে হবে।
চাল বিপণন, সংরক্ষণ এবং গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে আইনটি শিথিল রেখে পিপি ওভেন ব্যবহার করার অনুমতি প্রদান করে চালকল মালিকগণকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।
এসব দাবি না মানা হলে পর্যায়ক্রমে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এসময় কেন্দ্রীয় চাল কল মিল মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক লাইছ মিয়া, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মিল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিম, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান রৌশন প্রমুখ বক্তব্য রাখেন।
