২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শিল্প স্থাপনে ঋণ বিতরণ বাড়ছে

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের একই সময়ের তুলনায় নতুন শিল্প স্থাপনে ঋণ বিতরণ প্রায় ৪৪ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 11:25 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সম্প্রতি মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়ে যাওয়ায় মেয়াদি শিল্প ঋণ বিতরণে তার প্রভাব পড়েছে।

২০১৪-১৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১২ হাজার ৮০৯ কোটি ৪২ লাখ টাকার মেয়াদি শিল্প ঋণ বিতরণ করেছে ।

আগের অর্থবছরের একই সময়ে মেয়াদি শিল্প ঋণ বিতরণ করা হয়েছিল ৮ হাজার ৮৮০ কোটি ৭৯ লাখ টাকা।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসের এই মেয়াদি ঋণ বিতরণ তার আগের অর্থবছরের শেষ তিন মাসের তুলনায় ১১ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

শিল্প ঋণ বিষয়ক বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে দেখা যায়, এই বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ৫২ হাজার ৪৪ কোটি ২৯ লাখ টাকার শিল্পঋণ বিতরণ করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

এর মধ্যে মেয়াদি শিল্পঋণ রয়েছে ১২ হাজার ৮০৯ কোটি ৪২ লাখ টাকা এবং চলতি মূলধন ঋণ ৩৯ হাজার ২৩৪ কোটি ৮৭ লাখ টাকা।

আলোচ্য সময়ে বিতরণ করা মোট শিল্পঋণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৭ দশমিক ৫১ শতাংশ বেশি।

২০১৩-১৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট শিল্পঋণ বিতরণ করা হয়েছিল ৩৩ হাজার ৪১ কোটি ৫০ লাখ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে। মেয়াদি শিল্প ঋণ বিতরণের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়াকে মূল নিয়ামক হিসেবে গণ্য করা যায়।

“তাছাড়া ক্রমেই বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। ফলে নিকট ভবিষ্যতেও মেয়াদি শিল্প ঋণ বাড়ার ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ ছিল ৩৮৭ কোটি ৮২ লাখ ডলার, আগের অর্থবছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

এই অর্থবছরের প্রথম তিন মাসে মুলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ৭২ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। শিল্পের অন্যান্য যন্ত্রপাতি আমদানির জন্য ৯৬ কোটি ডলারের এলসি খোলা হয়েছে।

পরিসংখ্যাণ বিশ্লেষণে দেখা যায়, বর্তমান অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শিল্প ঋণ আদায়ের পরিমাণও বেড়েছে। এ সময়ে আদায় দাঁড়িয়েছে ৪১ হাজার ২৪১ কোটি টাকা, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩১ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় বর্তমান অর্থবছরের আলোচ্য সময়ে মেয়াদোত্তীর্ণ শিল্পঋণের পরিমাণ ৪৫ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৩৫ হাজার ৪২১ কোটি ৩৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।