২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদহার কমাতে উদ্যোগ নেবেন বাণিজ্যমন্ত্রী

উচ্চ সুদের হারকে বিনিয়োগের বাধা হিসেবে স্বীকার করে শিল্পঋণের সুদহার কমানোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 10:49 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

রোববার রাজধানীতে শুরু হওয়া ঢাকা অ্যাপারেল সামিটে এক আলোচনা সভায় ব্যবসায়ীদের এই আশ্বাস দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রতি দুই মাস অন্তর আমি দেশের বিভিন্ন ব্যবসায়িক নেতাদের সাথে আলোচনা করি। তারা উচ্চ সুদহারকে বিনিয়োগের ক্ষেত্রে মূল বাধা হিসেবে মনে করেন।

“তাই সুদহার কমাতে আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি। অর্থমন্ত্রী বলেছেন, এই বিষয়ে একটা সুরাহা করবেন।”

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে ‘বাংলাদেশ আরএমজি ২০২১-রিচিং ৫০ বিলিয়ন অন ফিফথ এনিভারসারি অব বাংলাদেশ-এ কোলাবোরেটিভ অ্যান্ড কোর্ডিনেটেড এ্যাপ্রোচ’ শিরোনামে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে বিজিএমইএর সাবেক সভাপতি মুস্তফা গোলাম কুদ্দুস বলেন, “দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সুদের হার সবচেয়ে বেশি। অথচ কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে নিশ্চুপ। দীর্ঘদিন ধরে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী। এতে করে রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ পাশের দেশ ভারতে গত বছর মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন হয়েছে। এতে সেখানকার রপ্তানিকারকরা লাভবান হয়েছে।

“আমাদের এখানে ব্যাংকঋণ নিতে গেলে ব্যবসায়ীদের উচ্চ হারে চার্জ গুণতে হয়। এর কারণে আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে পিছিয়ে পড়ছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদ ফারহাত আনোয়ার বলেন, সরকার ২০২১ সালের মধ্যে তৈরি পোশাকের রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা বলছেন। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও ব্যাংক ঋণের সুদসহ সব বিষয়ে উদ্যোগ নিতে হবে।” 

বিদেশি ক্রেতাদের জোট অ্যালায়েন্সের স্বতন্ত্র সভাপতি এ্যালেন টশার বলেন, বাংলাদেশের জন্য ৫০ বিলিয়ন ডলারের রপ্তানি অর্জন সম্ভব। তবে এর জন্য জ্বালানি, সড়ক, বন্দর ও শিক্ষা খাতে পরিবর্তন আনতে হবে। দক্ষতা উন্ননে মনোযোগী হতে হবে।

সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ওয়াজেদুল ইসলাম খান বলেন, “শ্রমিকরা ঠিকমতো কাজ না করলে এবং তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন না হলে ৫০ বিলিয়নের লক্ষ্য অর্জন সহজ হবে না। এজন্য শ্রমিকদের উন্নয়ন নিয়েও ভাবতে হবে।”

ইয়াংগুন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কিহাক সাং বলেন, “৫০ বিলিয়ন রপ্তানি লক্ষ্য না হয়ে লক্ষ্য হওয়া উচিত বেশি মুনাফা ও উন্নত জীবন।”

বাংলাদেশের সম্ভাবনা বাড়ছে উল্লেখ করে লি অ্যান্ড ফাংয়ের নির্বাহী পরিচালক রিক ডার্লিং বলেন, গত ১৮ মাস যে ধরনের শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে তা অব্যাহত থাকলে বাংলাদেশ অবশ্যই ৫০ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করতে পারবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।