এডিএন টেলিকমের সাধারণ সভা অনুষ্ঠিত
তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এডিএন টেলিকমের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত ওই সভায় প্রতিষ্ঠানটির গত এক বছরের কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং আসছে বছরের কর্মপরিকল্পনা শেয়ারহোল্ডারদের কাছে উপস্থাপন করা হয়।
পরে সবার সম্মতিতে এসব প্রতিবেদন ও কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।
এডিএন টেলিকমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল, বেগম খন্দকার মাহমুদা সাইদ, স্বতন্ত্র পরিচালক এ কে এম শফিউল আযম এবং প্রতিষ্ঠানটির উর্দ্ধতন কর্মকর্তারাসহ শেয়ারহোল্ডাররা।
এডিএন টেলিকম ২০০৩ সালে যাত্রা শুরু করে। স্যাটেলাইট, ফাইবার অপটিক ও ওয়্যারল্যাস অবকাঠামো নির্ভর এক সুবিস্তৃত নেটওয়ার্ক দেশজুড়ে গড়ে তুলে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে দেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে পরিণত হয়।
ইন্টারনেট সেবা, আইপি ফোন সেবা ও ভিস্যাট সুবিধা দেয়ার পাশাপাশি দেশি-বিদেশি গ্রাহকদের জন্য ইন্টারনেট, ডেটা ও ভয়েস কমিউনিকেশন্স সেবা দিচ্ছে এডিএন।
এছাড়া ফ্রিকোয়েন্সি লাইসেন্স থাকার কারণে এডিএন ওয়াইম্যাক্স, ওয়াইফাই ও রেডিও ম্যাশ সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি দেশের বাজারে এনেছে। দেশি-বিদেশি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরদের সঙ্গে প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।
এডিএন টেলিকমের সহযোগী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- টেকভ্যালি নেটওয়ার্কস লিমিটেড, ইনজেন টেকনোলজিস লিমিটেড এবং এডিএন ইনজেন টেকনোলজিস লিমিটেড।
