২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক খাতের ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

তৈরি পোশাক খাতে ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের’ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 02:54 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৪ এর উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ- এটি অনেকের পছন্দ নয়। তাই তারা পোশাক খাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

“এই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে পোশাক কারখানার মালিক, শ্রমিক, বিদেশি ক্রেতা ও ভোক্তা- সবাইকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”

শ্রমিক ও মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “যদি কোনো সমস্যা হয় সেটা আমরাই সমাধান করতে পারি। কিন্তু অন্যে যেন আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কোনো ষড়যন্ত্র না করতে পারে সেজন্য আমার দেশের সকল মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

দেশের পোশাক খাত নব্বইয়ের দশক থেকে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করেই বর্তমান অবস্থায় পৌঁছেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই এ খাতের পাশে থেকেছে। সমস্যা সমাধান করেছে, আর্থিক প্রণোদনা ও নীতি-সহায়তা দিয়েছে।

“আমরা এই সহায়ক ভূমিকা অব্যাহত রাখব। সরকার হিসাবে এটাই আমাদের দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।”

একইসঙ্গে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বাড়ানো, নকশায় নতুনত্ব আনা এবং নতুন বাজার সৃষ্টি করার প্রয়োজনীয়তার কথা অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।

“আমরা আশা করি, বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেতা প্রতিষ্ঠানগুলো আমাদের পাশে থাকবে। কারণ তাদের কাছে বাংলাদেশের পোশাকই সেরা। এ অবস্থা ধরে রাখতে বিজিএমইএকে আরও উদ্যোগী হতে হবে।”

তৈরি পোশাক খাতের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, সুইজারল্যান্ড ও জাপান পোশাক রপ্তানিতে জিএসপির ‘রুলস অব অরিজিন’ শিথিল করেছে।

“ভারতে ৪৬টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। চীনে আমরা প্রায় ৯৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছি। ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস স্থাপন করা হয়েছে।”

পোশাক রপ্তানিকারকদের এসব সুযোগের ‘পূর্ণ সদ্ব্যবহার’ নিশ্চিত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনারা নতুন নতুন বাজার অনুসন্ধান করুন। সরকার আপনাদের পাশে থাকবে।

“বিশ্ববাজারে আমাদের পোশাক রপ্তানির শেয়ার বাড়াতে হবে। সেই সামর্থ্যও আমাদের আছে। তা বাস্তবে রূপ দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

মাত্র তিন দশকেই বাংলাদেশের পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাত হয়ে উঠেছে। ১৯৮৭ সালে যেখানে বাংলাদেশ ১০ হাজার ডলারের পোশাক রপ্তানি করতো, সেখানে ২০১৩ সালে তা বেড়ে সাড়ে ২৪ বিলিয়ন ডলার হয়েছে।

পোশাক রপ্তানিতে বর্তমানে বিশ্বের চীনের পরই বাংলাদেশের অবস্থান। ৪০ লাখেরও বেশি মানুষ এ খাতে জড়িত, যাদের একটি বড় অংশ নারী।

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৫০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ওই বছরই বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। আর আওয়ামী লীগ সরকারের লক্ষ্য-  ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা।

তবে এসব লক্ষ্য পূরণ করতে হলে অবকাঠামো ও শ্রমিকদের সুযোগ-সুবিধা আরো বাড়ানো প্রয়োজন বলে অনুষ্ঠানে মত দেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা আরও বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়েছি। বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করেছি। বন্দরের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। আপনারা বিনিয়োগ বাড়ান।”

বিদেশি ক্রেতাদের পোশাকের ক্রয়মূল্য বাড়ানোর আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, “আজকের এ অনুষ্ঠানে অনেক ক্রেতা ও ক্রেতা প্রতিনিধি আছেন। তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা পণ্যের দাম বাড়ান। তাহলে আমাদের শ্রমিক ভাই-বোনেরা আরও স্বাচ্ছন্দ্যময় জীবনের অধিকারী হবেন। তখন সবাই উন্নয়নের সমান অংশীদার হবে।”

জাতির পিতার ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ে তুলতে ‘ব্যাপক শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি’ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তাই আমরা বিনিয়োগের উত্তম পরিবেশ সৃষ্টিকে অগ্রাধিকার দিয়েছি। সেই সুযোগ গ্রহণ করার জন্য আমি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও গতবছর রানা প্লাজা ধ্বসে এক হাজারের বেশি শ্রমিকের মৃত্যুর পর বাংলাদেশে কারখানার কর্মপরিবেশ এবং বিদেশি ক্রেতাদের কম দামে পোশাক কিনে বেশি লাভ করার প্রবণতার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসে।    

এরপর আমেরিকান ও ইউরোপীয় ক্রেতাদের দুটি জোট অ্যালায়েন্স ও অ্যাকর্ড বাংলাদেশে পোশাক কারখানার নিরাপত্তার উন্নয়নে পরদির্শন শুরু করে।

বিজিএমই সভাপতি অনুষ্ঠানে জানান, অ্যালায়েন্স ও অ্যাকর্ড এ পর্যন্ত মোট ২ হাজার ১৯৩টি কারখানা পরিদর্শন করেছে; যার মধ্যে ২৯টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

“এর অর্থ হলো- দেশের ৯৮ দশমিক ৬৮ ভাগ কারখানা এখন নিরাপদ ও কর্মক্ষম।”

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “অধিকাংশ কারখানাই ত্রুটিমুক্তভাবে পরিচালিত হচ্ছে। অবশিষ্ট কারখানাগুলোতে নিরাপত্তা উন্নয়নে সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকেই সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানাই।”

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘সেন্টার অফ এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপরেল ইন্ডাস্ট্রিজ’ এবং ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি-২০১৪’ এর উদ্বোধন করেন।

অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির চেয়ার এলেন টশের অনুষ্ঠানে আরো বক্তব্য দেন।