শ্রীলংকায় ২৫ হাজার টন চাল রপ্তানির চুক্তি
সরকার ৫০ হাজার টন চাল রপ্তানির অনুমোদন দিলেও প্রাথমিকভাবে এর অর্ধেক আমদানি করছে শ্রীলংকা।
৪৫০ ডলার দরে ২৫ হাজার মেট্রিক টন চাল রপ্তানির বিষয়ে বুধবার সচিবালয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে দুটি জাহাজ করে চাল রপ্তানি শুরু হবে।
বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সারওয়ার খান এবং শ্রীলংকার পক্ষে লংকা সাথোসা লিমিটেডের চেয়ারম্যান নালীন ফারনান্ডো এ চুক্তিতে সই করেন।
মন্ত্রী অনুষ্ঠানে বলেন, “খাদ্য ঘাটতি পুরণ করার পর আমরা চাল রপ্তানি করতে যাচ্ছি। ৪৫০ ডলার মূল্যে চাল রপ্তানি করা হচ্ছে।”
মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর গত ২৭ অক্টোবর সরকার শ্রীলঙ্কায় সিদ্ধ চাল রপ্তানির চূড়ান্ত অনুমতি দেয়।
তিনি জানান, বর্তমানে দেশে সাড়ে ১২ লাখ টন খাদ্যশষ্য মজুদ রয়েছে, এর মধ্যে ১১ লাখ মেট্রিক টন চাল।
“এক লাখ মেট্রিক টনের বেশি চাল রপ্তানির জন্য আমরা প্রস্তুত আছি, যে কোনো সময় এ চাল আমরা রপ্তানি করতে পারব।”
খাদ্যমন্ত্রী কামরুল এর আগে জানিয়েছিলেন, বর্তমানে আন্তজার্তিক বাজারে প্রতি মেট্রিক টন চালের মূল্য ৪০০ থেকে ৪২০ ডলার। শ্রীলঙ্কায় যে চাল রপ্তানি করা হবে তার উৎপাদন খরচ ৪৩৬ ডলার। এ হিসাবে প্রতি মেট্রিক টনে ১৪ ডলার লাভ থাকবে।
বাংলাদেশ প্রতি বছর স্বল্প পরিমাণে সুগন্ধি চাল রপ্তানি করলেও সরকারিভাবে বড় পরিসরে সিদ্ধ চাল রপ্তানি এই প্রথম। ফিলিপিন্সও সম্প্রতি বাংলাদেশ থেকে চাল ও আলু আমদানির আগ্রহের কথা জানিয়েছে।
খাদ্য সচিব মুশফেকা ইকফাৎসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
