অভিনব প্রতারণার শিকার বিকাশ এজেন্ট
ভুয়া কল থেকে পরামর্শ শুনে প্রায় ২৫ হাজার টাকা খোয়ানোর অভিযোগ করেছেন এক বিকাশ এজেন্ট।
জিয়াউর রহমান নামে রাজধানীর আদাবরের এই বিকাশ এজেন্ট জানিয়েছেন, তার মতো একইভাবে প্রতারণার শিকার হয়েছেন আরও কয়েকজন।
গত শনিবার প্রতারণার শিকার হওয়া জিয়াউর রহমান বলেন, তার তিনটি মোবাইল ফোনের (তিনটি বিকাশ নম্বর) মাধ্যমে এই টাকা হাতিয়ে নেওয়া হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার মাগরিবের নামাজের পরপরই তার একটি মোবাইল নম্বরে (বিকাশ মোবাইল নম্বর) বিকাশের কাস্টমার কেয়ারের পরিচিত পাঁচ ডিজিটের একটি বিশেষ নম্বর থেকে কল আছে।
জিয়াকে ফোন করে পুরুষ কণ্ঠের একজন বলেন, “আমাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এনিয়ে কাজ চলছে।”
ওই ব্যক্তি ‘বিকাশের নাহিদ’ নামে এক ব্যক্তির নাম জানিয়ে বলেন, “নেট সমস্যা নিয়ে নাহিদ স্যার আপনার সাথে আরেকটি নাম্বার থেকে কথা বলবেন।”
জিয়া জানান, কয়েক সেকেন্ড পরেই আরেকটি অপারেটরের নম্বর থেকে ফোন আসে এবং নিজেকে প্রকৌশলী নাহিদ পরিচয় দিয়ে বিকাশের এজেন্টের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন।
সেদিন নেটওয়ার্কে সমস্যা চলছিল জানিয়ে জিয়া বলেন, “সম্ভবত এই সুযোগটি কাজে লাগিয়ে নাহিদ নামের ওই লোক বলেন, ‘এখান থেকে দেখতে পাচ্ছি নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, এজন্য আমরা ভিন্ন একটি অপশন চালু করতে যাচ্ছি যেন গ্রাহকরা কোনো সমস্যায় না পড়েন। আর এই অপশনটা চালু করতে হলে আপনাকে কয়েকটি নম্বর চাপতে হবে’।”
তার কথা বিশ্বাস হওয়ায় নির্দেশ মতো একটি পর একটি নম্বর চাপতে থাকেন জিয়া। এরপর পিন কোড চাইলে তাও চাপেন তিনি।
একইভাবে বিকাশের আরও দুটি মোবাইল নম্বরে কথা হয় জিয়ার এবং কথামতো নম্বর ও পিন নম্বর টেপেন জিয়া।
এরপর প্রায় ১০/১১ মিনিট ধরে জিয়া তিনটি মোবাইল থেকে নতুন অপশন চালুর চেষ্টা করেন।
“পরে তার পরামর্শ অনুযায়ী মোবাইল নম্বরগুলো এক মিনিট বন্ধ রেখে আবার খুলে ব্যালেন্স পরীক্ষা করতে গিয়ে দেখি তিনটির কোনোটিতেই টাকা নেই,” বলেন জিয়া।
বিষয়টি সঙ্গে সঙ্গে বিকাশের কাস্টমার কেয়ারের পরিচিত নম্বরে কল করে জানালে জিয়া বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এজন্য থানায় গিয়ে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ বিকাশের পক্ষ থেকে দেওয়া হলেও ‘লাভ হবে না’ মনে করে থানায় আর যাননি জিয়া।
বিকাশের কাস্টমার কেয়ারের পরিচিত ওই নম্বরে ফোন করা হলে নিজেকে মেহজাবিন খানম পরিচয় দিয়ে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি প্রতারক চক্র এ ধরনের কাজ করছে। বিকাশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদের চিহ্নিত করার চেষ্টা করছে।”
তবে কিভাবে এই প্রতারণা হল এবং তা চিহ্নিত করতে কারা কাজ করছে, সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, বিকাশের মাধ্যমে চাঁদা, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরনের অপরাধের ঘটনার নজির থাকলেও এই ধরনের প্রতারণার ঘটনা নতুন একটি তথ্য।
বাংলাদেশের ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘মানি ইন মোশন’ ও ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত বিকাশ মোবাইল ফোনের মাধ্যমে ২০১১ সাল থেকে আর্থিক সেবা দিয়ে আসছে।
