১৪৪৮ কোটি টাকা আত্মসাত করেছে ডেসটিনি
অর্থপাচারের মামলায় অভিযুক্ত ডেসটিনি গ্রুপ সাধারণ মানুষের এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাত করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপতি এক প্রশ্নের জবাবে মন্ত্রী ডেসটিনিসহ সমবায় অধিদপ্তর অনুমোদিত ১৪টি মাল্টিপারপাস কো-অপরেটিভ সোসাইটির অর্থ আত্মসাতের চিত্র তুলে ধরেন।
কাকরাইলের ডেসটিনি ছাড়া নওগাঁর পপুলার মাল্টি পারপাস ৭ কোটি ৭৬ লাখ, ব্রাহ্মণবাড়িয়ার অগ্রণী বহুমূখী সমবায় সমিতি ৫ কোটি ৭৩ লাখ ও ম্যাক্সিম মাল্টি পারপাস এক কোটি আত্মসাৎ করেছে বলে জানান আশরাফ।
এছাড়া চট্টগ্রামের ডবলমুরিংয়ের গোসাইল ডাঙ্গা ফুটন্ত কলি বহুমূখী সমবায় সমিতি, চট্টগ্রাম কোতোয়ালীর জাগ্রত মাল্টি পারপাস, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতি, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দোভাসীবাজার ব্যবসায়ী সমিতি, চট্টগ্রামের চন্দনাইশ চামুদরিয়া মাল্টিপারপাস, চট্টগ্রাম মতলব দক্ষিণের রূপালী বহুমূখী সমবায় সমিতি, চাঁদপুরের শাহরাস্তি যুব উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি, চাঁদপুরের ফরিদগঞ্জ প্রদীপ বহুমূখী সমবায় সমিতি, ব্রাহ্মণবাড়িয়ার ফারইস্ট ইসলামী কো-অপারেটিভ সোসাইটি ও বগুড়ার আল ইনসাফ মাল্টিপারপাস আত্মসাতকারীর তালিকায় রয়েছে।
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনির ২২ পরিচালকের বিরুদ্ধে গত বছরের ৩১ জুলাই দুটি মামলা করে দুদক। এর মধ্যে একটি মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কোম্পানির হিসাব থেকে ১ হাজার ৯৩৫ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।
আরেক মামলায় ডেসটিনির বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্প থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।
গত বছরের ২৭ নভেম্বর দুদকের আবেদনে এই গ্রুপের ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে যে সব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে, তা ক্রোকের নির্দেশ দেয় আদালত।
এ ছাড়া গত বছরের গত ২ অক্টোবর দুদকের আবেদনে ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি, ডেসটিনি ট্রি-পল্যানটেশন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় আদালত।
এ ছাড়া ডেসটিনি গ্রুপের ২৩টি জেলার ৬০০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ রয়েছে আদালতের।
সৈয়দ আশরাফ বলেন, ডেসটিনিসহ কয়েকটি মাল্টিপারাস সমিতির অর্থ আত্মসাতের কারণে সমবায় অঙ্গনের বদনাম হয়েছে।
তিনি বলেন, “ডেসটিনিসহ যেসব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিষয়ে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে পাওয়া গেছে, প্রতিবেদন অনুযায়ী দায়িত্বে অবহেলার জন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
