২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারিদের শেয়ার হস্তান্তরে অনিয়ম হয়নি: বিটিআরসি

সরকারি নিরীক্ষায় ধরা পড়া ওয়ারিদ টেলিকমের শেয়ার হস্তান্তরে অনিয়মের বিষয়টি নাকচ করে দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান সুনীল কান্তি বোস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2014, 01:36 AM

Updated : 22 Aug 2022, 07:58 PM

তিনি বলেছেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম মেনে ওয়ারিদ টেলিকম শেয়ার হস্তাস্তর হয়েছে এবং এক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় বিটিআরসিতে সরকারি নিরীক্ষা প্রতিবেদন নিয়ে অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, “কোনো অফিসে কোনো লোক ১০০ শতাংশ কাজ করে বা ভুল হয় না তা নয়, হতেই পারে। অডিটের কাজ হলো তা ঠিক করা।

“কিছু কিছু ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক তথ্য নিরীক্ষা অফিসে না যাওয়ায় কিছুটা ‘গ্যাপ’ হতে পারে,”

তবে কোন কোন ক্ষেত্রে এই সব তথ্য সময়মতো দেওয়া হয়নি সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

আগের দিন রাজধানীর কাকরাইলের অডিট ভবনে সংবাদ সম্মেলনে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদের তুলে ধরা প্রতিবেদনে  ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হাজার ৬৭৬ কোটি ৬০ লাখ টাকার অনিয়মের বিষয় জানানো হয়।

এই সব অনিয়মের মধ্যে  রয়েছে- অনিয়ম ও চুক্তির শর্ত ভঙ্গ করার পরেও ওয়ারিদ টেলিকমের নিবন্ধনে ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত না করা, শেয়ার হস্তান্তরের সময় কম ফি নেওয়া, স্পেকট্রাম চার্জ আদায়ে বিভিন্ন টেলিফোন কোম্পানিকে ছাড় দেওয়া, তরঙ্গ ও বেতার যন্ত্রে লেভি (চার্জ) আদায় না করা, এয়ারটাইম চার্জের বকেয়া ফি আদায় না করা এবং অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় না করা।

এবিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “অডিট প্রতিষ্ঠনের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে সে সময় ওয়ারিদের শেয়ারমূল্যে নির্ধারণ করা হয়েছিলো, এ প্রতিবেদনের বাইরে যাওয়ার সুযোগ ছিল না। সংশ্লিষ্ট যে কাগজপত্র রয়েছে ওয়ারিদের শেয়ার হস্তান্তরে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায় না।

“সে সময় কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল তাতে অনিয়মের কিছু দেখি না।”

তিনি বলেন, টেলিটক ও বিটিসিএলের রেভিনিউ শেয়ারিং নিয়ে প্রতিবেদনে উল্লেখিত ৪৫১ কোটি টাকার মধ্যে চলতি অর্থবছরে ৪৪৯ কোটি টাকা আদায় হয়ে গেছে।

জরিমানা আদায়ের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “ওয়ার্ল্ড টেল, পিপলস টেল ও র‌্যাগস টেলের অবৈধ কল টার্মিনেশনের জন্য নিরিক্ষা প্রতিবেদনে এক হাজার ১৪ কোটি টাকা জরিমানার কথা বলা হয়। একটি  অধ্যাদেশের আওতায় এ পরিমাণ জরিমানা করা হয়েছিল, যা পরে টেলিযোগাযাগ নিয়ন্ত্রন আইন ২০০১ বিধান অনুযায়ী তিন লাখ টাকা করা হয়েছে। ৯ম জাতীয় সংসদে  অধ্যাদেশটি আইনে পরিণত না হওয়ায় অধ্যাদেশের বিধান প্রযোজ্য হয়নি।”

টেলিযোগাযোগ সেক্টরের সরকারি নিরীক্ষা নিয়ে কিছু কিছু গণমাধ্যমে উপস্থাপিত প্রতিবেদন মানুষকে ভুল বুঝতে সাহায্য করবে বলে মনে করছেন সুনীল কান্তি বোস।

তিনি বলেন “আমাদের সমাজে জনমনে ব্যাখার অভাবে যে জিনিষটা সৃষ্টি হয় সেটা অন্যরকম, অনিয়ম বলতে তারার অন্য রকম বুঝে, কিছু কিছু পত্রিকায় যেভাবে উপস্থাপিত হয়েছে তাতে ভুল বুঝাতে সাহায্য করেছে।

“কিছু কিছু পত্রিকা বলছে অনিয়মের শীর্ষে , তারপর ৯০% অনিয়ম সেখানে লুকায়িত রয়েছে ইত্যাদি, সে চিত্রটি এসেছে তা বাস্তব নয়।”