২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর কোনও এমএলএম কোম্পানি নয়: সংসদীয় কমিটি

ডেসটিনিসহ কয়েকটির বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষাপটে নতুন করে কোনও এমএলএম কোম্পানি খোলার অনুমোদন না দিতে বাণিজ্য মন্ত্রণালয়েকে বলেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন যে ৫টি এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের সব কার্যক্রমের বিষয়ে প্রতিবেদন কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।

ভুয়া লাইসেন্স বা লাইসেন্সবিহীন যে সব কোম্পানি বিভিন্ন লাভের কথা বলে প্রতারণা করে আসছে, তাদের বিষয়ে জনগণকে সচেতন করার পদক্ষেপ নিতেও বলেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি বিরোধীদলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

কমিটির সদস্য মোতাহার হোসেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ওয়ারেসাত হোসেন বেলাল, আ ক ম বাহাউদ্দীন, ছানোয়ার হোসেন, মন্জুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু বৈঠকে ছিলেন।

বৈঠকে মুক্তবাজার অর্থনীতিতে এমএলএম কোম্পানিকে লাইসেন্স দেওয়ার বিষয়ে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সংসদীয় কমিটি বাংলাদেশ-ভারত সীমান্তে ‘বর্ডার হাট’ স্থাপনের মতো ভাল উদ্যোগকে এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে। তবে বর্ডার হাটের সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের তদারকি জোরদার করার সুপারিশ করা হয়েছে।

আসন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৫ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করতেও বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছে সংসদীয় কমিটি।